Shushunia Pahar: একটা রাত..রাতারাতি বদলে গেল শুশুনিয়া পাহাড়! লাল পলাশ এখন শুধুই কালো, চারপাশ জুড়ে পোড়া গন্ধ
Bankura Shushunia Pahar: লাল পলাশের সৌন্দর্যের টানে প্রত্যেক বছর ভরা বসন্তে পরিযায়ী পর্টযটকদের ভীড়ে সরগরম থাকে বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়। কিন্তু এবার সেই শুশুনিয়া পাহাড়ের লাল পলাশই এবার আগুনে পুড়ে কালো। এই অবস্থায় ভীষণ মন খারাপ পর্যটক, স্থানীয় বাসিন্দা থেকে বন দফতরের কর্মী আধিকারিক সকলের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালের পর থেকেই পাহাড়ের পূর্ব দিক থেকে প্রচণ্ড পরিমাণে ধোয়া দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে সেই কালো ধোঁয়াতে ঢেকে যায় শুশুনিয়ার আকাশ (Bankura Shushunia Pahar) । একটা অংশে নয়, পাহাড়ের বিভিন্ন অংশ থেকে সেই কালো ধোঁয়া বের হতে দেখে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতরের কর্মীরা। এমনকী বনদফতরের আধিকারিকরাও ছুটে আসেন ঘটনাস্থলে। কীভাবে এমন কালো ধোঁয়া বের হচ্ছে তা খতিয়ে দেখতে গিয়েই একেবারে চমকে ওঠেন বনদফতরের কর্মী থেকে আধিকারিকরা।
দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ অংশ। দিন পেরিয়ে রাত যতো এগোতে থাকে আগুনের লেলিহান শিখার দাপটও বাড়তে থাকে। তার মধ্যেও বন দফতরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। আগুন নেভানোটা খুব একটা সহজ ছিল না! একে হাওয়া সঙ্গে জঙ্গল জুড়ে ছড়িয়ে শুকনো পাতা ডাল! ফলে আগুন ক্রমশ ছড়াতে থাকে।
একের পর এক জায়গায় আগুন ধরে যায়। হাল ছাড়েননি। আগুন লেভানোর কাজ চালিয়ে যান কর্মী থেকে আধিকারিক সবাই। অবশেষে দীর্ঘ লড়াইয়ে জয় আসে বনদফতরের। শুক্রবার ভোর নাগাদ ওই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততোক্ষনে অনেকখানি পুড়ে ছাই প্রকৃতির অপরুপ দান বসন্তের লাল পলাশ। উধাও লাল রঙ। চারপাশ জুড়ে শুধুই পোড়া গন্ধ! পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে পা রাখা দায়।
ভরা বসন্ত কেউই মেনে নিতে পারছেন না। এক কথায় সবাই বলছেন, লাল পলাশ সব শেষ! অন্যদিকে এর মধ্যেও বন দফতরের আধিকারিকরা কড়া নজর রাখেন পরিস্থিতির উপর। হঠাত করে যাতে আবার আগুন না ধরে যায় সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। শুশুনিয়া পাহাড়ের গভীর জঙ্গলে বহু প্রাণীর বসবাস।
ভয়াবহ এই আগুনে তাদের কোনও ক্ষতি হয়েছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে বলে খবর। জঙ্গলের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে পরিস্থিতি বন দফতরের আধিকারিকরা খতিয়ে দেখেন বলে খবর। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু বারবার কেন এমন অগ্নিকান্ড? সেটাউ ভাবাচ্ছে প্রকৃতিপ্রেমীদের।












Click it and Unblock the Notifications