এসআইআরে জাল নথি দিলেই কঠিন শাস্তির ফাঁড়া, স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন
ভুয়ো ভোটার এবং নথি জালিয়াতি রুখতে নির্বাচন কমিশন কঠোর নির্দেশিকা জারি করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয় এদিন মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এসআইআর চলাকালীন সরকারি নথি বা পরিচয়পত্র জাল করলে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর আওতায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
কমিশন আরও উল্লেখ করেছে, বিএনএস-এর ৩৩৭ ধারা অনুযায়ী, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম-বিবাহ-মৃত্যুর শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, সরকারি কর্মচারীর শংসাপত্র এবং পাওয়ার অফ অ্যাটর্নি-র মতো গুরুত্বপূর্ণ নথি জাল করা দণ্ডনীয়। এই কঠোর আইন এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নথি জালিয়াতির পাশাপাশি ভুয়ো ভোটার শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এআই প্রতিটি ভোটারের নাম, ছবি ও যাবতীয় তথ্য সূক্ষ্মভাবে স্ক্যান করে গরমিল ধরবে। এই প্রযুক্তি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেও কার্যকর হবে বলে কমিশন দাবি করেছে।
এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা আর মাত্র দু'দিন পরই শেষ হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এই তালিকার বিরুদ্ধে দাবি-আপত্তি জানানোর শেষ তারিখ ১৫ জানুয়ারি। ইআরও-রা ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত অভিযোগ যাচাই ও শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।












Click it and Unblock the Notifications