Siliguri: টেবিল চাপড়ে, আঙুল উঁচিয়ে 'শাসানি' তৃণমূল নেতার! প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে 'দাদাগিরি'
Siliguri: প্রাথমিক স্কুল থেকে শিক্ষককে জুনিয়র হাই স্কুলে বদলির অভিযোগ। কেন? জবাব চাইতে রণংদেহী তৃণমূল কাউন্সিলর। রীতিমতো টেবিল চাপড়ে, আঙুল উঁচিয়ে হুঙ্কার তৃণমূলের শিক্ষক নেতার। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের জবাব তলব করে চড়াও হলেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার। চাপের মুখে শিক্ষকের বদলি স্থগিত। এদিকে সূত্রের খবর, চাপের মুখে কেন বদলি? স্কুল পরিদর্শকদের কাছে তা জানতে চেয়েছেন চেয়ারম্যান।
শিক্ষক বদলিকে কেন্দ্র করে এদিন শিলিগুড়িতে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে ঘেরাও করলেন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা। শিক্ষক বদলির ইস্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে। শহরের পরিচিত তৃণমূল কাউন্সিলর তথা শিক্ষক রঞ্জন শীলশর্মা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এদিন সংসদের অফিস ঘেরাও করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

তাঁর অভিযোগ, এক শিক্ষককে নিয়ম লঙ্ঘন করে পরপর দু'বার বদলি করা হয়েছে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষককে দিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করানোর অভিযোগ করেছেন তিনি। সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপি দিতে আলোচনায় বসেন রঞ্জনবাবু। তবে কথোপকথনের মাঝে হঠাৎই উত্তেজনা চরমে ওঠে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ওই নেতা। টেবিল চাপড়ে আঙুল উঁচিয়ে হুঙ্কারও দেন। সতীর্থরা রুখতে গেলেও শোনেননি তৃণমূল নেতা।
এ বিষয়ে সংসদের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি গোটাটাই ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেন। পঠনপাঠনের স্বার্থে এই অস্থায়ী বদলি করার অধিতার SI-এর রয়েছেন এবং তিনি তা করতেই পারেন। এক্ষেত্রেও তাই হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরও জানান, "উচ্চ প্রাথমিকে গেস্ট লেকচারার রিজাইন দেওয়াতে সাময়িক শিক্ষক সংকটের পরিস্থিতিতে একই শিক্ষাঙ্গনে সাময়িক একটি বা দুটি ক্লাস করানো হয়েছে প্রাথমিকের শিক্ষককে দিয়ে।" শিক্ষার স্বার্থেই এটা করা হয়েছে বলে জানান সংসদের চেয়ারম্যান।
যদিও তৃণমূল নেতার টেবিল চাপড়ানো ও কার্যত দাদাগিরির বিষয়ে উপরমহলে জানাবেন বলেও দাবি করেন চেয়ারম্যান। এদিন অবশেষে সংগঠনের তরফে শিক্ষকদের চাপের মুখে সেই শিক্ষকের অস্থায়ী বদলি ৭ দিনের জন্য স্থগিত করার কথা জানানো হয়। SI এর তরফ থেকে রিপোর্ট নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়। যদিও এই ঘটনা সামনে আসতেই তৃণমূল নেতার আচরণ নিয়ে নিন্দা জানিয়েছে ওয়াকিবহাল মহল। তবে এবারই প্রথম নয়। এর আগেও তিনি নানা ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications