Siliguri: নাবালিকাকে ধর্ষণ-খুন! বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ, উত্তরকন্যার পাশের জঙ্গলে নিথর দেহ
Siliguri: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ থাকার পর আচমকাই এল মৃত্যুসংবাদ। জঙ্গল থেকে উদ্ধার নাবালিকা স্কুল ছাত্রীর দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। মঙ্গলবার বিকেলে উত্তরকন্যার পাশের জঙ্গল থেকেই দেহ উদ্ধার হয় ওই নাবালিকার।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বিরিয়ানি খাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই নাবালিকা স্কুল ছাত্রী। এরপর আর বাড়ি ফেরেনি সে। বছর চোদ্দোর ওই নাবালিকা বেরিয়েছিল তাঁর বন্ধুদের সঙ্গেই। তিনবাত্তি মোরে বিরিয়ানি খাওয়ার কথাও ছিল। তবে অনেকটা সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরে না সে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

হন্যে হয়ে মেয়ের খোঁজ শুরু করেন পরিবারের লোকেরাই। আচমকাই নাবালিকার বন্ধুর ফোন আসে পরিবারের কাছে। ফোনে সে বলে, ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। জঙ্গলে থেকে নাবালিকার দেহ উদ্ধার করে সেই বন্ধুই। দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নাবালিকার দেহে কামড় ও আঁচড়ের দাগ রয়েছে বলেও জানা গিয়েছে।
গোটা ঘটনায় জেলা হাসপাতালেই নাবালিকার পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনায় জেলা হাসপাতাল চত্তরে উত্তেজনার সৃষ্টি হয়। ওই বন্ধুকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এসে ওই যুবককে হেফাজতে নেয়। কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবার। উত্তরকন্যার সামনের জঙ্গলে নাবালিকার পড়ে থাকার কথা ওই বন্ধু কীভাবে জানল, পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়।
কীভাবে মৃত্যু হল নাবালিকার? কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? গোটা ঘটনার তদন্তে পুলিশ। এদিকে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। যদিও মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই ৩ বন্ধুকে আটক করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications