শীতের বিদায় ঘণ্টা? নিম্নচাপের মাঝেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, কী জানাচ্ছে হাওয়া অফিস?
বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেই এলাকায় একটি নিম্নচাপ তৈরী হতে পারে। তবে দক্ষিণবঙ্গে এই সিস্টেমের প্রভাব নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। আপাতত পশ্চিমবঙ্গ অথবা ওড়িশা উপকূলের দিকে এর সরাসরি এগোনোর সম্ভাবনা খুবই কম। হাওয়া অফিস জানাচ্ছে যে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েকদিন কলকাতা থেকে শুরু করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আগামী সাত দিনে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মূলত পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে মূলত শুকনো।
তবে স্বস্তির মধ্যেই অন্য বার্তাও দিচ্ছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই পারদ চড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফলে শীতের আমেজ খুব তাড়াতাড়ি ফিকে হয়ে উষ্ণতার অনুভূতি বাড়বে দক্ষিণবঙ্গে।












Click it and Unblock the Notifications