Eastern Railway: "কেন বাড়ল লেডিস কামরা?" প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণে আড়াই ঘণ্টা অবরোধ, অফিস টাইমে ভোগান্তি
Eastern Railway: বুধবার সকালে ব্যস্ত অফিস টাইমে শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ। লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানো নিয়ে ক্ষোভ। দক্ষিণ বারাসত, মথুরাপুর রোড, শাসন রোড, গোচরণ ও জয়নগর স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় স্টেশনে স্টেশনে আটকে রইল ট্রেন। অবরোধের জেরে তীব্র ভোগান্তিতে পড়েন কলকাতামুখী যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা পর ওঠে অবরোধ।
নিত্যযাত্রীদের অভিযোগ, ট্রেনে কামরার সংখ্যা না বাড়িয়ে জেনারেল কামরাকে মহিলা কামরা করা হয়েছে। এছাড়াও দীর্ঘ সময় অন্তর ট্রেন চলাচল করে। দুটি ট্রেনের মধ্যে ব্যবধান অনেক বলে অভিযোগ তাঁদের। প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেন অবরোধ করে বুধবার সকাল থেকেই বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। তাদের আরও দাবি, জেনারেল কামরাকে মহিলা কামরা করা যাবে না। পাশাপাশি এই শাখায় ট্রেনের সংখ্যা আরও বাড়াতে হবে।

সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় অবরোধ। যার জেরে অফিস টাইমে শিয়ালদা দক্ষিণ শাখায় নাকাল হলেন যাত্রীরা। নিত্যযাত্রীদের আরও অভিযোগ, জেনারেল কামরাকে লেডিজ কামরায় বদলে দেওয়া হয়েছে। ফলে জেনারেল কামরায় ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিন আপ ও ডাউনে একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে প্রায় আড়াই ঘণ্টা পর সকাল ৯টা ৫০ মিনিটে অবরোধ ওঠে।
প্রসঙ্গত, এতদিন ১২ কোচের লোকাল ট্রেনের দুই প্রান্তে দ্বিতীয় কোচগুলি মহিলা কামরা ছিল। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে মহিলা কামরা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ট্রেনে অতিরিক্ত কোচ বৃদ্ধি না করে দুই প্রান্তে ভেন্ডরের কোচের সঙ্গে থাকা জেনারেল কামরাকে মহিলা কামরা করার সিদ্ধান্ত নেয় রেল। আর তা নিয়েই ক্ষোভ নিত্যযাত্রীদের একাংশের। ব্যস্ত সময়ে ট্রেনগুলিতে উপচে পড়ে ভিড়। মহিলাদের কথা ভেবে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লেডিজ কম্পার্টমেন্ট করার সিদ্ধান্ত নেয় রেল।
মহিলা কামরা বৃদ্ধি নিয়ে রেলের দাবি, প্রতিদিন প্রায় ১৮ লক্ষ যাত্রীর মধ্যে ২৫ শতাংশ মহিলা। জেলা ও শহরতলি থেকে কলকাতায় কর্মসংস্থানে আসেন প্রচুর মহিলা। অফিস টাইমে মাত্র ২টি মহিলা কামরায় উপচে পড়ে ভিড়। ফলে মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কামরা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। যদিও বাকি যাত্রীদের অসন্তোষ চরমে পৌঁছতে এদিন লক্ষ্মীকান্তপুর শাখার বিভিন্ন স্টেশনে অবরোধ করলেন তারা।












Click it and Unblock the Notifications