আজও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলার একাধিক জেলায়, সাগরে নিম্নচাপের ভ্রুকুটি
বর্ষা বিদায় পর্ব চলছে। তার সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের সম্ভাবনা। তার জেরে অক্টোবরের তৃতীয় সপ্তাহেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা আগেই জানানো হয়েছে। জলীয় বাষ্পের প্রভাবে সেটি আরও শক্তিশালী হচ্ছে। অতি গভীর নিম্নচাপের আকার সেটি নিতে পারে। তবে তার অভিমুখ পশ্চিমবঙ্গ হবে কী না, এই সম্পর্কে এখনই সঠিক বার্তা পাওয়া যায়নি। সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপটির মুখ ওড়িশা উপকূলের দিকে থাকতে পারে।

জানা গিয়েছে, রবিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সেটিই ক্রমে শক্তি বাড়াবে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশের দিকে তার মুখ থাকার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে৷ তার প্রভাবে বাংলাতেও পড়তে পারে বলে খবর।
গতকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেও আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এক - দু'ফসলা বৃষ্টিও হয়ে গিয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় বৃষ্টি হবে৷ কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শনিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল হবে৷ শুষ্ক আবহাওয়া অনুভব করা যাবে। আগামী সপ্তাহের শুরুতেও ফের বৃষ্টির সম্ভাবনা থাকবে নিম্নচাপের কারণে। এই কথা জানা গিয়েছে।
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলাতে বৃষ্টি হবে৷ তবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। আগামী সপ্তাহের শেষের দিকে বাংলার আবহাওয়া বদলে যাবে। শুষ্ক বাতাস দুই বঙ্গে ছড়িয়ে যেতে শুরু করবে। এই কথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications