আরজি কর কাণ্ডে পুলিশ কর্মী হাইকোর্টের দ্বারস্থ, ডিপার্টমেন্টের বিরুদ্ধেই অভিযোগ!
তিলোত্তমার সুবিচারের দাবিতে গান গেয়েছিলেন। তারপর থেকেই কর্মক্ষেত্রে একাধিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এক পুলিশ কর্মীকে। মানসিক নির্যাতন তো আছেই। কাজ থেকেও বসিয়ে দেওয়া হয়েছে। এমন মারাত্মক অভিযোগ উঠছে৷ বাধ্য হয়ে ওই পুলিশ কর্মী এবার আদালতের দ্বারস্থ হয়েছেন।
আরজি কর কাণ্ড নিয়ে মুখ পুড়ছে পুলিশের৷ পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এবার সেই ঘটনাতে নিজের ডিপার্টমেন্টের বিরুদ্ধেই অভিযোগ করছেন এক পুলিশ কর্মী৷ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি।

চরম বিপাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কর্মরত ট্রাফিক হোমগার্ড কাশীনাথ পাণ্ডা। বছর পাঁচেক ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘরিয়া থানায় ট্রাফিক হোমগার্ডের চাকরি করছিলেন কাশীনাথ। অভিযোগ, তাঁকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে। উপায় না পেয়ে শেষ পর্যন্ত সুবিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
তিলোত্তমার ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই আবহে গত ২১ আগস্ট একটি প্রতিবাদী গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাশীনাথ পাণ্ডা। অভিযোগ, তাতেই অসন্তোষ প্রকাশ করেন কাশীনাথের উপতলার অফিসাররা। কাশীনাথ পাণ্ডার স্পষ্ট অভিযোগ, গান পোস্টের পরই লাগাতার নির্যাতনের মুখে পড়েছেন তিনি। হুমকি ও মানসিক নির্যাতন পদে পদে। হেনস্থা করা হচ্ছিল।
এখানেই শেষ নয়। তাঁর আরও অভিযোগ, অক্টোবর মাসের শুরু থেকেই কোনও অভিযোগ ছাড়াই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গত ১০ অক্টোবর কোনও কারণ না দেখিয়ে তাঁকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়। কিন্তু, এভাবে কী চাকরি থেকে কাউকে বসিয়ে দেওয়া যায়? প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ কাশীনাথ।
অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানির আবেদন কর হয়েছে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা আছে। বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে মামলা ওঠার সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, মত প্রকাশ তাঁর মৌলিক অধিকার। কিন্তু সেই বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। তাঁর স্পষ্ট প্রশ্ন, পুলিশে চাকরি করলেও কী প্রতিবাদ করা যাবে না?
কাশীনাথ বলেন, আরজি করের ঘটনায় তিনি শুরু থেকেই খুব বিচলিত ছিলেন। সে কারণেই একটি ভক্তি গীতিকে কিছুটা নিজের মতো পরিবর্তন করে গান করেন। কিছু লাইন জোড়া হয় মূল গানের সঙ্গে। সেই গান প্রকাশ হতেই সমস্যার সূত্রপাত।












Click it and Unblock the Notifications