রাজ্যসভায় ভোটও দেব না, বিলেও সমর্থন করবেন না! তৃণমূলকে হুঁশিয়ারি বিদ্রোহী আবদুল করিমের
আরও সুর চড়ালেন তৃণমূলের স্বঘোষিত বিদ্রোহী বিধায়ক। পঞ্চায়েত ভোটের পরও যেভাবে সন্ত্রাস চলছে, তারপর রাজ্যসভায় ভোট দিতে আসবেন না বলে সাফ জানিয়ে দিলেন ইসলামপুরের সংখ্যালঘু বিধায়ক আবদুল করিম চৌধুরী। এমনকী রাজ্য সরকারের কোনও বিলেও তিনি সমর্থন জানাবেন না।
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বেসুরো বাজছেন আবদুল করিম চৌধুরী। এমনকী তিনি নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছেন। পঞ্চায়েতে নির্দল প্রার্থীর সমর্থনের প্রচার করবেন বলে ফলাও করে জানিয়েছিলেন। এরপর পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড় ওঠার পরও তিনি জানিয়েছিলেন, এরকম রক্তাক্ত করে জিতে কী হবে!

ইসলামপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক বিস্ফোরক মন্তব্যে আগেই বুঝিয়ে দিয়েছিলেন বাংলায় এই ভোট সন্ত্রাসে তিনি ক্ষুব্ধ। এবার তিনি ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তৃণমূলকে সমর্থন না করার সিদ্ধান্ত নিলেন। তৃণমূল বিধায়ক হয়েও তিনি রাজ্যসভায় ভোট দেবেন না বলে জানালেন।
কিছুদিন ধরে বিতর্কিত মন্তব্যে বিদ্রোহের ঝড় তুলেছেন আবদুল করিম চৌধুরী। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। জেলা তৃণমূলের একাংশের বিরুদ্ধে তোপ দেগেই তিনি ক্ষান্ত হননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন।
পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার করবেন বলে সাফ জানিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক। তিনি স্পষ্ট বার্তায় বলেছিলেন ইসলামপুরের নির্বাচনে যেন মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ না করেন। তৃণমূলের সরকারি প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্দল খাঁড়া করে তাঁদের সমর্থনে প্রচারও করেছিলেন তিনি।
এবার তিনি বিদ্রোহের চরম সীমায় পৌঁছে গেলেন। তৃণমূলের রাজ্যসভার প্রার্থীকে ভোট দেবেন না বলে জানিয়ে তিনি বলেন, বাংলায় রক্তাস্নাত পঞ্চায়েত ভোট হয়েছে। তারপর বিজয়োল্লাসের কোনোও মানে নেই। তিনি বলেন, বাংলাকে রক্তাক্ত করে জিতে আর কী হবে। জেতার জন্য খুন, লুঠ, পুলিশকে ব্যবহার করা নিয়ে তিনি সরব হন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন আবদুল করিম চৌধুরী। দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। আবার তিনিও থামেননি। তাঁর আক্রমণ চলছেই। তিনি অভিযোগ করেন, তৃণমূলের একটা গোষ্ঠী তাঁকে হারাতে চেয়েছিল। ব্লক সভাপতি নিজে এই কাজে লিপ্ত থাকলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।
তারপর থেকেই তিনি স্বঘোষিত বিদ্রোহী। সেই বিদ্রোহের জায়গা থেকেই তিনি গর্জে উঠছেন বারবার। আবারও তিনি সরব তৃণমূলের বিরুদ্ধে। এখন রাজ্যসভায় ভোট না দেওয়ার সিদ্ধান্ত এবং কোনও বিলে সমর্থন না করার সিদ্ধান্তের পর তাঁর বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেয় কি না, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications