Ram Navami: রামনবমীর বাংলায় তুঙ্গে 'ধর্মযুদ্ধ', পুজো-শোভাযাত্রা বিজেপির; সিউড়িতে 'গেরুয়া' তৃণমূলের শতাব্দী
Ram Navami 2025: রামনবমী ঘিরে রাজ্যের দিকে দিকে মিছিল বিজেপি ও তৃণমূলের। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্ব অস্ত্রে শান দিতে উঠেপড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। রবিবার রামনবমীর শোভাযাত্রায় বিজেপির একাধিক নেতৃত্ব। দিলীপ ঘোষ, অর্জুন সিং, শমীক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জিরা অংশ নেন শোভাযাত্রায়। পিছিয়ে নেই তৃণমূলও।
নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় সামিল হন বিজেপি নেতা অর্জুন সিং। ছিলেন শমীক ও লকেটও। নিউটাউন থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত যাবে এই শোভাযাত্রা। অর্জুন সিং বলেন, "মুখ্যমন্ত্রী গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। গত ১০ দিন ধরে সনাতনীদের অপমান করছেন মমতা। দাঙ্গা হওয়ার কথা বারবার বলছেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে প্রশাসন সামলানোর কথা তাঁর, তিনি কীকরে বারবার একথা বলেন? ওনার পদত্যাগ করা উচিত।"

রামনবমীর সকালে পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হবে রামনবমী। শান্তিপূর্ণভাবে যাতে তা করা যায়, তা নিশ্চিত করবে পুলিশ। হিন্দুরা নিজেদের উৎসব পালন করবে। এতে বাকিদের অসুবিধা হওয়ার কথা নয়।" হাওড়ায় রামরাজাতলায় ৪০০ বছরের পুরোনো রামমন্দিরে রাম পুজোয় সামিল হন বিজেপি নেতা সজল ঘোষ।
এদিন সজল বলেন, "আগামিদিনে রামরাজত্ব চাই। যেখানে কাটমানি থাকবে না। যেখানে রাজ্যের প্রজারা কষ্টে থাকবে না। তাদের অধিকার থাকবে।" মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তিনি কটাক্ষ করে বলেন, "পিসিমাও থাকবেনা, রাজ্যকে নরক বানিয়ে রেখেছে।" রবিবার সকালে হাওড়ার কদমতলা থেকে রামরাজাতলা রামমন্দির পর্যন্ত রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন সজল। বলেন, "ধর্মকে রক্ষা করতে কখনও কখনও অস্ত্র হাতে তুলে নিতে হয়। ঈদের দিন হিন্দু ধর্মকে কারা গন্ধা ধর্ম বলেছিল? তাদের হিন্দুত্ব নিয়ে কিছু বলা সাজে না।"
রামনবমী উদযাপনে পিছিয়ে নেই তৃণমূলও। রামনবমী উপলক্ষ্যে বীরভূমের সিউড়িতে রামের বড় কাটআউট নিয়ে মিছিল করে তৃণমূল। সেখানে সামিল হন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে তৃণমূলের মিছিল। বিধায়ক এদিন বলেন, "রাম কারও জমিদারি নয়, যারা রামকে নিয়ে রাজনীতি করে, তাদের জবাব দিচ্ছি।" শতাব্দীর কথায় আবার, "মানুষ যেটা পছন্দ করছেন, সেটাই করছি।"
রামনবমীতে কড়া নিরাপত্তা মালদার ইংরেজবাজারে। স্নিফার ডগ ও বোম স্কোয়াড মোতায়েন করা হয়েছে। হাওড়ার কাজিপাড়ায় বিজেপির মিছিল ঘিরেও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রামনবমী উপলক্ষ্যে শিলিগুড়ির সত্য নারায়ণ মন্দিরে পুজো দেন শহরের মেয়র গৌতম দেব। তিনি বলেন, "কোথায় কী আছে জানি না, তবে যেখানে যেখানে আমন্ত্রণ থাকবে সেখানে যাওয়ার চেষ্টা করব। ধর্ম নিজের আচার, আচরণ ও বিশ্বাসের উপর নির্ভর করে। তার সঙ্গে অন্য কিছুর সংমিশ্রণ করা উচিত নয়।"












Click it and Unblock the Notifications