এবার আক্রান্ত দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজুর কনভয়, তীব্র প্রতিক্রিয়া সুকান্তর
নাগরাকাটায় দুর্গত এলাকায় গিয়ে আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর চোখের নীচে হাড় ভেঙে গিয়েছে। আক্রান্ত হন বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
আর এবার আক্রান্ত হলো দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়। আজ সন্ধ্যায় তাঁর কনভয়ের একটি গাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রাজু।

এই ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের মাসধুরা এলাকায়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এক সিনিয়র পুলিশ অফিসার পিটিআইকে জানিয়েছেন, এই হামলার বিষয়ে বিজেপি জুরবাংলো থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সাংসদ বিস্তা নিজেই 'এক্স' হ্যান্ডলে এই হামলার কথা জানিয়েছেন।
সাংসদ লিখেছেন, "আজ সুখিয়াপোখরীর কাছে মাসধুরায় আমার কনভয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যদিও কাপুরুষরা আমাকে টার্গেট করেছিল। হামলার মূল আঘাতটি আমার গাড়ির ঠিক পিছনের গাড়িতে লাগে।"
রাজু আরও উল্লেখ করেছেন, "আমাদের অঞ্চলের জন্য মধ্যস্থতাকারী ঘোষণার পরপরই এই হামলাটি হলো। ফলে সময়টা অত্যন্ত সন্দেহজনক। এটি আমাদের অঞ্চলে শান্তি বিঘ্নিত করার একটি ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে।"
পুলিশ জানিয়েছে, রাজু বিস্তার ঘনিষ্ঠ সহযোগী এবং বিজেপি কর্মী সঞ্জীব লামা যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতে একটি পাথর এসে লাগে। আমরা বিষয়টি তদন্ত করছি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ড. সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লেখেন, মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের উপর সাম্প্রতিক হামলার পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে লক্ষ্য করে এই হামলা "কাপুরুষোচিত ষড়যন্ত্র"। আচমকা এই হামলায় তাঁর গাড়ির পিছনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বরের কৃপায় রাজুজি সুরক্ষিত আছেন। যারা এই নোংরা ষড়যন্ত্রটি করেছে তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট- উত্তরবঙ্গের জনগণ আপনাদের আইনহীনতার প্রতিটি মুহূর্তের উপর সতর্ক নজর রাখছে। উত্তরবঙ্গ এবং প্রকৃতপক্ষে সমগ্র বাংলার জনগণ, এই ধরনের লজ্জাজনক আচরণের সমুচিত জবাব দেবে। ভাড়াটে গুন্ডাদের মাধ্যমে চালানো হামলায় বিজেপি ভয় পায় না। কোনও বিজেপি জনপ্রতিনিধি বা কার্যকর্তাকে ভয় দেখানো বা চুপ করিয়ে দেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications