ফের বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন
শীতের হালকা আমেজে যখন সকালের কুয়াশা ধরা দিচ্ছে, ঠিক তখনই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ও পশ্চিম দিকের আর্দ্র বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, ফলে সপ্তাহান্তে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে শনিবার ও রবিবারের মধ্যে বদলাতে পারে আবহাওয়া। উপকূলীয় জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

একইসঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং, সহ জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ও দক্ষিণা হাওয়ার সংমিশ্রণে সৃষ্টি হচ্ছে আর্দ্রতা, যা থেকেই এই বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা।
রাজ্যের বাকি অংশে উত্তর ও উত্তর পশ্চিম দিকের শুষ্ক হাওয়া বইবে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, তবে অস্বস্তি তেমন বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তবে তাপমাত্রার দিক থেকে তেমন পরিবর্তন নেই, শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীলই থাকবে। কলকাতায় ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উত্তরের হাওয়া একটু বেশি থাকায় শীতের হালকা অনুভূতি মিলতে পারে।












Click it and Unblock the Notifications