প্রার্থনা চলছে বাংলার তিন শ্রমিক পরিবারে, উত্তর কাশীর টানেল থেকে দ্রুত ফিরে আসুক ওঁরা
বাংলার তিন যুবক আটকে রয়েছেন উত্তর কাশীর সুড়ঙ্গে। টানা ১২ দিন জীবনমৃত্যুর লড়াই চলছে। উদ্ধারকাজ শেষ পর্যায়ের কাছাকাছি বলেই জানানো হচ্ছে। কিন্তু কখন তাদের কাছে পৌঁছাবেন উদ্ধারকারী দল? কখন তাদের বার করে নিয়ে আসা হবে? সেই উৎকণ্ঠাই এখন চারদিকে।
উত্তর কাশীর টানেলে আটকে আছেন ৪১ জন শ্রমিক। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আছেন তিন জন।পুরশুড়ার সৌভিক পাখিরা ও জয়দেব পরামানিক, কোচবিহারের মানিক তালুকদার। কয়েশো কিলোমিটার দূরের তিন পরিবারের মধ্যে প্রবল উৎকণ্ঠা। কখন তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসা হবে?

পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য বাইরে গিয়েছিলেন তিন জন। আর তারাই এখন রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। টানেলের মধ্যে কেটে গিয়েছে ১২ টা দিন- রাত। আশা করা আছে, তারা শারীরিকভাবে সুস্থ আছেন। কিন্তু কতটা সুস্থ তারা? প্রশ্ন উঠছেই।
উদ্ধারকাজের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তার মধ্যেও একাধিক বাধা আসছে। সেইসব কাটিয়ে উদ্ধারকারী দল পৌঁছাচ্ছেন আটকে থাকা কর্মীদের কাছে। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে। হাসপাতালে পাঠানো হবে প্রত্যেককেই। গোটা এলাকাজুড়ে যুদ্ধকালীন তৎপরতা। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তাদের উদ্ধার করা সম্ভব হতে পারে।
বাংলার তিন পরিবারের সদস্যদের মনেও ঝড় বয়ে চলছে। বাড়ির ছেলে, লোক প্রাণ নিয়ে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসুক। এটাই পরিবারের প্রত্যেকে প্রার্থণা করছেন। ডুকরে কেঁদে চলেছেন পরিবারের মহিলারা। খাওয়াদাওয়া প্রায় না করার মতোই। এই ১২ টা দিন এক অসম লড়াইয়ের মধ্যে দিয়েই কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা ওই পরিবারের সদস্যদের পাশে রয়েছেন। মানসিক জোর বাড়িয়ে তোলার চেষ্টা চলছে অবিরত। কিন্তু বাবা- মা, প্রিয়জনের মন তো। কতটা থিতু করতে পারছেন নিজেদের? প্রায় সারাদিনই টেলিভিশনে খবরের মধ্যে চোখ রাখছেন তারা। মোবাইল ফোনেও খবর দেখছেন। সাংবাদিকদের আনাগোনা পরিবারে।
উদ্ধারকাজ এগনোর খবরে সামান্য সময়ের জন্য বুকে বল পেয়েছিলেন। এর মধ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন প্রত্যেক শ্রমিক। আটকে থাকা টানেলে আবছায়া আলোয় কেবল ক্লান্ত মুখগুলো দেখা গিয়েছে। ওতেই কিছুটা আশ্বস্ত হয়েছেন পরিবারের সদস্যরা। দ্রুত তারা বাড়ি ফিরে আসুক। এখন একটাই প্রার্থণা চলছে তিন পরিবারে।












Click it and Unblock the Notifications