আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে, ফলে বাজারে ফের দাম বাড়ার আশঙ্কা
রাজ্যজুড়ে আলুর যোগান বন্ধ রয়েছে। আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে রয়েছেন। সেই কারণে হিম ঘর থেকে আলু বার হয়নি। এই অবস্থায় আলুর দাম বাজারে ফের বাড়তে পারে। এমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছে।
বাজারে এখনও আলুর দাম কেজি প্রতি ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। রাজ্য সরকারের টাস্ক ফোর্স কলকাতার বহু বাজারে হানা দিয়েছে গত এক মাসের বেশি সময়। কিন্তু তারপরও আলুর দাম সেভাবে কমানো সম্ভব হয়নি। এবার ফের আলু ব্যবসায়ীদের কর্মবিরতি।

জানা গিয়েছে, শনিবার এই কর্মবিরতি শুরু হয়েছে। আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। সেই কারণে হিমঘর থেকে আলু বেরনো সম্ভব হয়নি। বস্তায় আলু ভরার কাজও হয়নি কোনওভাবে। আজ সোমবার কাজ বন্ধ থেকেছে গোটা দিন। ফলে দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসছে বাজারে।
ব্যবসায়ীদের কথা অনুসারে, পাইকারি ও খোলা বাজারে আলু রয়েছে। তবে সোমবারের পর মঙ্গলবার পর্যন্ত সেই আলু কেনাবেচা যাবে। তারপরেই বাজারে আলুর টান পড়বে। যোগান না হলে বাজারে আলু উধাও হতেও পারে। ফলে এক লাফে দাম অনেকটাই উঠে যাবে। এই আশঙ্কা করা হচ্ছে। বাজার স্বাভাবিক হতেও তারপরে বেশ কয়েক দিন সময় নেবে। ফলে এই গোটা সময় সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে আলু কিনতে হবে। ফলে শেষ পর্যন্ত দায় সামলাতে হবে সাধারণ মানুষকেই।
কিন্তু কেন এই কর্মবিরতির পথে হাঁটলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা? ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। লাগাতার ব্যবসায়িক কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই অবস্থায় গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচি চলছে।
হিমমঘর গুলি থেকে কোনও আলু বাইরে বের হয়নি। নতুন করে আলু হিমঘরে ঢোকেওনি। হিমঘরের কাজও সম্পূর্ণ বন্ধ থাকছে। ফলে পরিস্থিতি আয়ত্তের বাইরেও চলে যেতে পারে বলে মত। কর্মবিরতির প্রভাব খোলা বাজারে পড়তে পারে বলে অনেকে মনে করছেন।
পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে স্পষ্ট দাবি করা হয়েছে, ভিন রাজ্যে আলু রফতানির সুযোগ বন্ধ। প্রশাসনের তরফে পুলিশকে দিয়ে আলু ভর্তি লরি আটকে দেওয়া হচ্ছে। এমনকী ওই আটকে রাখা লরি ফিরিয়ে আনতে দেওয়া হচ্ছে না। ফলে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরিতেই আলু পচে নষ্ট হচ্ছে। এই অবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। রুটিরুজির স্বার্থে কর্মবিরতিতে তারা যেতে বাধ্য হয়েছেন। আগামী কাল নবান্নে এই বিষয়ে বৈঠক আছে। সেই কথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications