রাজীবের অবসর কাল, রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ, বদলি কলকাতার পুলিশ কমিশনার
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন কাল। তার আগের দিনই চূড়ান্ত হয়ে গেল কে রাজীবের স্থলাভিষিক্ত হচ্ছেন, সেই বিষয়টি।
সেই সঙ্গে পুলিশের একাধিক উচ্চপদে রদবদল ঘটানো হলো। বদলি করা হলো কলকাতার নগরপাল মনোজ কুমার ভার্মাকেও।

সিনিয়র আইপিএস অফিসার পীষূষ পাণ্ডেকে রাজ্যের ভারপ্রাপ্ত মহানির্দেশক বা ডিজিপি করার সিদ্ধান্ত হয়েছে। রাজীব কুমার অবসর নিচ্ছেন বলেই এই সিদ্ধান্ত। ১৯৯৩ ব্যাচের পুলিশ আধিকারিক পীযূষ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত রাজ্যের ডিজিপি পদে বহাল থাকবেন।
১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার কাল অবসর গ্রহণ করবেন। একই আদেশে রাজ্য পুলিশের বেশ কয়েকজন সিনিয়র আইপিএস অফিসারের পদে রদবদলের কথাও জানানো হয়েছে। এই রদবদলের মধ্যে রয়েছে কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মার নাম। তাঁকে রাজ্য সুরক্ষা বিভাগের ডিরেক্টর পদে বদলি করা হলো। তাঁর জায়গায় দক্ষিণবঙ্গের অতিরিক্ত মহানির্দেশক (ADG) ও মহানিদের্শক (IGP) সুপ্রতিম সরকারকে স্থলাভিষিক্ত করা হয়েছে।
এ ছাড়াও, স্পেশাল টাস্ক ফোর্সের (STF) ADG ও IGP বিনীত কুমার গোয়েলকে আইন-শৃঙ্খলা বিভাগের ADG এবং দুর্নীতি দমন শাখার অতিরিক্ত ADG-র দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, আইন-শৃঙ্খলা বিভাগের ADG ও IGP জাভেদ শামিমকে STF-এর ADG এবং গোয়েন্দা শাখার অতিরিক্ত ADG-র দায়িত্বে আনা হয়েছে।
অন্যান্য নিয়োগের মধ্যে রয়েছেন: অজয় মুকুন্দ রানাডে (ADG, টেলিকমিউনিকেশন), বিশাল গর্গ (ADG, সাইবার সেল), অনুজ শর্মা (DG, দমকল ও জরুরি পরিষেবা বিভাগ), নটরাজন রমেশ বাবু (হোম গার্ডসের প্রধান), সিদ্ধিনাথ গুপ্ত (DG, সংশোধনাগার পরিষেবা বিভাগ) এবং সঞ্জয় সিং (সিভিল ডিফেন্সের ডিরেক্টর)। আনন্দপুরে অগ্নিকাণ্ডের পর দমকল বিভাগের ডিজিকে বদলি রীতিমতো তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications