Dholahat Blast: মাসে মাসে টাকা নিত পুলিশ! "সব জানেন বিধায়ক," ঢোলাহাট বিস্ফোরণে NIA তদন্ত দাবি BJP-র
Pathar Pratima Blast: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গিয়েছে একই পরিবারের ৮ জন সদস্যের। মৃতদের মধ্যে চারজনই শিশু। ঘটনায় এবার ২ জনের বিরুদ্ধে FIR। ওই বাড়ির দুই ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে, এনআইএ তদন্ত দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের।
বিস্ফোরণের জেরে সোমবার রাতেই মৃত্যু হয় বণিক পরিবারের সাত সদস্যের। তাঁরা হলেন চন্দ্রকান্ত ও তুষারের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিক (২৮), দুই সন্তান অর্ণব বণিক (৯) ও অস্মিকা বণিক (৮ মাস) এবং তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক (৬) ও অঙ্কিতা বণিক (৬ মাস)। মঙ্গলবার সকালে কলকাতার হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আরও এক সদস্যের মৃত্যু হয়।

বিস্ফোরণকাণ্ডে চন্দ্রকান্ত বণিক ও তাঁর ভাই তুষার বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘরে বিপজ্জনক বস্তু মজুত করে রাখা ও অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ মোট ৬টি ধারায় মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলা করা হয়েছে দমকল আইনেও। স্থানীয়রা জানান, প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা। পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত, সবাই সব জানত বলে দাবি এলাকাবাসীর। দাদা চন্দ্রকান্তকে ব্যবসায় সাহায্য করতেন ছোট ভাই তুষার।
এরই মাঝে বিস্ফোরক দাবি বণিক পরিবারের জামাই কুশময় ভাণ্ডারীর। পুলিশ সবই জানত বলে দাবি তাঁর। বেআইনি বাজি কারখানা নিয়ে স্থানীয় বিধায়ক সমীর কুমার জানাও সবটা জানতেন বলে দাবি পরিবারের। আরও বিস্ফোরক দাবি করেছেন বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিকের ভাই অরিন্দম বণিকের।
মাসে মাসে লাইসেন্স দেখার নাম করে পুলিশ এসে টাকা নিয়ে যেত বলে দাবি তাঁর। "কালীপুজোতে সবাই বাজি নিতে আসত, পুলিশ সবই জানত, কিন্তু এখন তা বললে হয়ত পুলিশের তরফে চাপ আসতে পারে," বলেন অরিন্দম। এদিকে, কারখানার লাইসেন্স থাকার পাল্টা দাবি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়কের।
ঢোলাহাট বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 'মৃত্যুর খেলা' বন্ধ হোক, দাবি সুকান্তর। মঙ্গলবার সকালে রাজ্য সরকারের উপর তোপ দেগে ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অদক্ষ পুলিশমন্ত্রী বলে আক্রমণ শুভেন্দুর।












Click it and Unblock the Notifications