বিজেপি ছেড়ে তূণমূলে যোগ দিলেন পার্নো! 'মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুল...', কেন এমন মন্তব্য করলেন তিনি?
রাজনৈতিক রঙ বদলালেন অভিনেত্রী পার্নো মিত্র। প্রায় ছ'বছর বিজেপিতে থাকার পর নতুন বছর আসার কিছুদিন আগেই তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শিবির বদলের পরেই পার্নোর বক্তব্য যে, মানুষ ভুল করতেই পারে, তবে সেই ভুল সময় থাকতে শুধরে নেওয়াও জরুরি। তৃণমূলে যোগ দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছেন তিনি।

আজ সকাল থেকেই পার্নোর দলবদলের জল্পনা চলছিল। একটু বেলা বাড়তেই তা একদম সত্যি হয়ে যায়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে শাসকদলে যোগ দিয়েছেন পার্নো মিত্র। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তাঁর এই যোগদান ঘিরে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন দলে যোগ দেওয়ার পর পার্নো দাবি করেছেন যে, "মানুষ মাত্রই ভুল হয়। আর সেই ভুল সংশোধন করার সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি নিজেকে ধন্য মনে করছি।"
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে, ছ'বছর আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে যে, নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে আবার ভাবার সময় এসে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং নেতৃত্ব তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি জানিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য তাঁকে দলে স্বাগত জানিয়ে বলেন যে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই পার্নোকে তৃণমূলে যুক্ত করা হয়েছে।
পার্নো মিত্রর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণে টলিপাড়াতেও আলোচনা একদম তুঙ্গে। ইন্ডাস্ট্রির একাধিক মানুষ পার্নোর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন।
পার্নোর অভিনয় জীবন শুরু হয় ২০০৭ সালে ছোটপর্দার ধারাবাহিক 'খেলা' দিয়ে। পরে অঞ্জন দত্তের হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ তাঁর 'বেডরুম' থেকে শুরু করে 'রাজকাহিনী', 'অপুর পাঁচালি'র মতো বহু ছবিতে কাজ করেছেন পার্নো। ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে জয় পাননি তিনি। সব মিলিয়ে, নতুন বছর আসার মুখে পার্নো মিত্রের এই দলবদল রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল।












Click it and Unblock the Notifications