Madhyamik 2024: কুয়াশায় পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যায় পরীক্ষার্থীরা! দুপুর ১২ টাই আদর্শ সময়, বলছেন অভিভাবকরা
Madhyamik 2024: শুক্রবার সকাল থেকেই কুয়াশায় ঢাকা আকাশ। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই কার্যত একই ছবি। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছতে শুরু করেছেন স্কুলে স্কুলে।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর সকালে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024) হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া নির্দেশিকা অনুযায়ী সকালে সাড়ে নটার মধ্যে ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশ করতে হবে। আর সেই মতো আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল গুলিতে সকালে প্রায় সাড়ে আটটা থেকে পরীক্ষার্থীরা পৌঁছতে শুরু করেছেন।

তবে সকাল থেকেই ঘন কুয়াশার জেরে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে পরীক্ষার্থী থেকে অভিভাবকরা, এমনটাই জানালেন কেউ কেউ। এছাড়াও পরীক্ষার সময়সূচী দু ঘন্টা এগিয়ে আসায় যে সকল পরীক্ষার্থীদের (Madhyamik 2024) কিছুটা দূরে সেন্টার পড়েছে তাদেরও অনেক সকালে বাড়ি থেকে বের হতে বের হচ্ছে বলে জানাচ্ছেন অভিভাবকদের একাংশ।
কার্যত একই ছবি বাঁকুড়াতেও। চলতি বছরে এই জেলায় ১১৭ টি পরীক্ষা কেন্দ্রে ৪৬ হাজার ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ছাত্র ২১ হাজার ৪৯২ জন ও ছাত্রী ২৪ হাজার ৫৭৫ জন। গত বছরের তুলনায় চলতি বছরে এই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩ জন।
এদিন জীবন প্রথম বড় পরীক্ষায় অংশগ্রহণকারীরা প্রায় প্রত্যেকেই জানিয়েছেন, প্রস্ততি বেশ ভালোই, তবে একটু হলেও 'ভয়' লাগছে বলেই তারা জানিয়েছেন। তবে অভিভাবকদের একাংশ পরীক্ষার এই সময় পরিবর্তন নিয়ে বলেন, শীতের সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো এলাকা। তার মধ্যেই পরীক্ষার্থীদের অধিকাংশকে স্নান না করে বাড়ি থেকে বেরোতে হয়েছে। সকাল ১০ টা নয়, দুপুর ১২ টাই আদর্শ সময় ছিল বলে তাঁরা জানিয়েছেন।
শুধু জেলায় নয়, কলকাতার একাধিক স্কুলে সকাল থেকে মাধ্যমিক পরিক্ষার্থীদের (Madhyamik 2024) ভিড়। পথে নেমেছেন খোদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে। বিভিন্ন স্কুলের নিরাপত্তা সহ অন্যন্য ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পর্ষদের তরফেও সতর্কতা মানা হয়েছে।
সদর দফতরের পাশাপাশি প্রত্যেক জেলাতেই পর্ষদের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনও সমস্যায় যোগাযোগ করা যাবে কন্ট্রোল রুমের সঙ্গে। অন্যদিকে প্রশ্নপত্রে ফাঁস আটকাতেও প্রশ্নপত্রে এই প্রথম বিশেষ ব্যবস্থা থাকছে।












Click it and Unblock the Notifications