Panagarh Accident: ম্যাডামের কথা শুনেই মরণছুট! পানাগড়কাণ্ডে বারবার বয়ান বদলে গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক
Panagarh Accident: পানাগড়ে সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যুতে এবার গ্রেফতার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। আগেই গ্রেফতার করা হয়েছিল সাদা এসইউভি ক্রেটা গাড়ির চালক বাবলু যাদব। আর এবার গ্রেফতার মৃত তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মা। গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতে পানাগড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় হুগলির চন্দননগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির।
দুর্ঘটনার পরের দিন সকালেই সুতন্দ্রার চালক রাজদেও জানিয়েছিলেন, পেট্রল পাম্পে ফুল ট্য়াঙ্ক পেট্রল ভরার পর হাফ কিলোমিটার গাড়ি যেতে না যেতেই সাদা গাড়ি এসে বাঁদিকে চেপে দেয়। ডিভাইডারে গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করছিল। পরে বাঁদিক থেকে ওভারটেক করে ফের ধাক্কা মারে। গাড়ি থেকে বাজে ইঙ্গিত করা হচ্ছিল বলে দাবি করেছিলেন সুতন্দ্রার চালক।

পরে বয়ান বদলে রাজদেও শর্মা ফের বলেন, ম্যাডামের কথা শুনেছিলাম। সেই মুহূর্তে মাথা কাজ করেনি। ম্যাডাম যেরকম বলেছিলেন, সেটা শুনেছিলাম। গাড়ি জোরে চালাচ্ছিলাম, গাড়িটা ধরে ক্ষতিপূরণ নিতাম। অর্থাৎ প্রথমে ইভটিজিংয়ের কথা বললেও পরে বয়ান বদল করে অভিযুক্ত চালক। দুটি গাড়ির রেষারেষির জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি তোলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশও।
বারবার বয়ান বদল করেই বিপাকে রাজদেও শর্মা। তাঁর বিরুদ্ধে প্রথমে সন্দেহ প্রকাশ করেছিলেন মৃত সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়ও। মঙ্গলবার ভোররাতে চন্দননগর থেকেই গ্রেফতার করা হয় গাড়ি চালককে। পরে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। পেশ করা হয় মহকুমা আদালতে। রাজদেওর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ নম্বর (বেপরোয়া গাড়ি চালানো), ১২৫(এ), ১০৫ (অনিচ্ছাকৃত খুনের অভিযোগ) ও ৩২৪(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাত সাড়ে বারোটায় ১৯ নম্বর জাতীয় সড়কে টানা ২০ কিলোমিটার রাস্তা তরুণীর গাড়ি ধাওয়া করা হয় বলে অভিযোগ। এমনকী গাড়িতে ধাক্কা, বারবার কটূক্তি করে দুষ্কৃতীরা। তাড়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সাদা রঙের ক্রেটা এসইউভি গাড়ি থেকে জনা পাঁচেক যুবক বছর সাতাশের ওই তরুণীকে উত্যক্ত করছিল বলে অভিযোগ। গত বৃহস্পতিবার সাদা গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications