POK দখল করে, এখনই আক্রমণ করতে হবে লাহোর! 'মোদীর কাছে' বড় দাবি প্রভাবশালী এই তৃণমূল নেতার
TMC-Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগাওঁয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানার জের! "আর দেরি নয় পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে ভারতের। লাহোরে আক্রমণ করতে হবে।" বলে হুংকার তুললেন জলপাইগুড়ির তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে তৃণমূল কর্মী ও কাউন্সিলরদের সঙ্গে উপস্থিত হন সৈকত। জঙ্গি হানার প্রতিবাদে মহিলাদের সমবেত শঙ্খ ধ্বনির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ও সেই দেশের সেনা প্রধান আসিম মুনিরের কুশপুত্তুলিকা পর্যন্ত দাহ করা হয় এদিন।
ওই মঞ্চ থেকেই স্লোগান তোলা হয়, আর শান্তির আলোচনা নয়। এবার পাকিস্তানকে যোগ্য জবাব দিক ভারত। একই সঙ্গে লাহোর ও পাক অধিকৃত কাশ্মীরে সামরিক আঘাত মোদী সরকার যাতে চালাতে পারে সেই বার্তাও কার্যত দেন তৃণমূল নেতা (TMC-Pahalgam Terror Attack)। তবে কাশ্মীরের একাধিক আক্রমণের প্রসঙ্গ তুলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে ছাড়েননি।

সৈকত বলেন, আজ তৃণমূল কংগ্রেসের সকলে মিলে পহেলগাঁও'য়ে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হানার প্রতিবাদে সামিল হয়েছি। এই আক্রমণের পেছনে যারা রয়েছে সে দেশের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ও পাক আর্মি চিফ আসিম মুনির, তাদের কুশপুত্তলিকা আমরা দাহ করলাম। আগামিদিনে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে বলেও বার্তা। তাঁর কথায়, জঙ্গিরা আক্রমণ করে নিরীহ পর্যটকদের মেরেছে, সেখানে হিন্দু মুসলিম লড়াইয়ের কোনও বিষয় নেই। এটা ইন্ডিয়া ও পাকিস্তানের লড়াই। পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে, লাহোরে আক্রমণ করতে হবে বলেও মন্তব্য।
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের কথায়, শুধুমাত্র রাজস্থানে যুদ্ধের মহড়া দিয়ে লাভ নেই! কেন পুলওয়ামার সময় চেকপোস্ট উঠে যায়? কেন পহেলগাওয়ের সময় চেকপোস্ট থাকে না। বিএসএফ, আর্মি থাকতে এমন ঘটনা ঘটে কি করে, তা নিয়ে একের পর প্রশ্ন তোলেন। বলেন, এর দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এর ফয়সালা নরেন্দ্র মোদীকেই করতে হবে। অন্যদিকে পহেলগাঁও হামলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের আরেক নেত্রী।
তিনি হলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। তাঁর কথায়, বিতর্কিত ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতেই এই হামলা বিজেপির পরিকল্পিত। জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি। আর সেই কারণেই সেখানে সেনা ছিল না বলে কার্যত বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রীর।












Click it and Unblock the Notifications