পুলিশের বড় সাফল্য! বুলা চৌধুরীর বাড়িতে চুরি যাওয়া ২৯৫ পদক উদ্ধার, গ্রেফতার ১ অভিযুক্ত
ইংলিশ চ্যানেলজয়ী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার কিনারা ২৪ ঘণ্টার মধ্যে করে ফেলল পুলিশ। ১৫ অগাস্ট সকালে চুরির ঘটনা সামনে এসেছিল। গতকাল বুলার হিন্দমোটরের বাড়িতে যান সিআইডির ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। গতকালই পুলিশের জালে পড়ে অভিযুক্ত। আজ সাংবাদিক বৈঠকে সে কথাই জানানো হলো। আপাতত একজন ধরা পড়েছে। উদ্ধার হয়েছে ২৯৫টি পদক।
শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। তিনি বলেন, গত ১৫ অগাস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায়। সব মেডেল চুরি হয়। আমরা কেস রুজু করি। সবাই উদ্বেগে ছিলাম। একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নির্দেশে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। ২৯৫টি মেডেল উদ্ধার হয়। কল, কাঁসা, পিতলের জিনিসও উদ্ধার হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে। বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন। ধৃত চোর রিষড়া চার নম্বর রেল গেট এলাকার বাসিন্দা।উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বুলা চৌধুরী মাঝে মধ্যে আসতেন। ১২-১৪ তারিখ চুরি হয়েছে। প্রথমে ১২ তারিখে রেইকি করে অল্প কিছু চুরি করে। আবার ১৪ তারিখে চুরি হয়।
ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করার কথাও বলেছে পুলিশ।এমনকী কেউ কোথাও গেলে পুলিশকে যদি জানানো হয় তাহলে সেই এলাকায় টহল বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
সোর্স কাজে লাগিয়েই পুলিশ কৃষ্ণার খোঁজ পায় বলে জানা গিয়েছে। তারপর তার বাড়ি থেকে গ্রেফতার করে। বুলা চৌধুরী বলেন, পদ্মশ্রী সম্মান যখন দেওয়া হয় দুটি পদক দেওয়া হয়েছিল।যেটা রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছিলেন বড় পদক, সেটি কসবার বাড়িতে আছে।ছোট পদক যেটা পরে বিভিন্ন অনুষ্ঠানে যাই সেই পদকটি পাওয়া যাচ্ছে না। আশা করি পেয়ে যাব। বাড়িতে ভালো করে খুঁজে দেখবেন বলেও জানান বুলা চৌধুরী। যেহেতু আরও অনেক পদক পাওয়া যায়নি পুলিশও তা খুঁজে দেখবে।
বুলা বলেন, শুধু পদক না এগুলো, আমার আবেগ। ছয় বছর বয়স থেকে সাঁতার কাটছি। দেশ-বিদেশের অনেক পদক সম্মান পেয়েছি। যেদিন চুরি হলো, মন ভেঙে গিয়েছিল। আমি মুখ্য সচিবকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বলব ভেবেছিলাম। তার আগেই চন্দননগর পুলিশ কমিশনার এবং চন্দননগর পুলিশের টিম আমার পদক উদ্ধার করেছে। তারা যে এত তাড়াতাড়ি কাজ করতে পারবে আমি ভাবতেও পারিনি। এর আগেও দুবার আমার বাড়িতে চুরি হয়েছে।আমার দেবাইপুকুরের বাড়িতে একটি মিউজিয়াম করার কথা ভাবছি।
এই চুরিতে কৃষ্ণার সঙ্গে আরও কেউ যুক্ত আছে বলে পুলিশের অনুমান।তাদের ধরতে পারলে বাকি পদক উদ্ধার হবে বলে নিশ্চিত পুলিশ।












Click it and Unblock the Notifications