কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছেন মমতা, এদিনও ডিভিসি জল ছেড়েছে মাইথন, পাঞ্চেত থেকে
কেন্দ্র ও রাজ্যের মধ্যে চিঠিচাপাঠি চলছেই। কেন্দ্রকে চিঠি দেওয়া। সেই চিঠির প্রত্যুত্তর। সেই প্রত্যুত্তরে আবার পাল্টা চিঠি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে এখন এই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। তবু জল যন্ত্রণা কিছুতেই কমছে না। দামোদর ভ্যালি কর্পোরেশন ( ডিভিসি) কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্তর অভিযোগ। কিন্তু সেই ডিভিসি এখনও জল ছাড়া বন্ধ করেনি।
রবিবার ডিভিসি জল ছেড়েছে। সেই জলের পরিমাণ কম হলেও এই পরিস্থিতিতে অনেকটাই। এমনই মনে করছেন তৃণমূল নেতারা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়ে রয়েছে। খানাকুল, আরামবাগ অঞ্চলে জলের পরিমাণ ক্রমশ বাড়ছে। নতুন করে একাধিক প্রত্যন্ত এলাকায় জল ঢুকেছে বলে খবর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই সব জেলার নদীগুলি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে।

এবারের বন্যার জন্য ডিভিসিকে অনেকাংশেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি জল ধরে রাখতে পারত। তবু রাজ্যকে না জানিয়ে, সময় না দিয়ে জল ছেড়েছে। এমনই অভিযোগ করেছেন তিনি। সেই জল ছাড়া এখনও বন্ধ করেনি ডিভিসি। আজ রবিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে বলে খবর।
মাইথন জলাধার থেকে ৩০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে ২০ হাজার কিউসেক৷ মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ( ডিভিসি)। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে নিম্নতাবাদের অববাহিকার তবে জলযন্ত্রণার থেকে রেহাই মেলেনি। রূপনারায়ন দামোদর মুণ্ডেশ্বরী কংসাবতী নদী গুলিতে বিপদ সীমার উপর দিয়ে জল বয়ে চলেছে।
বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে তো বটেই নতুন এলাকাতেও জল ঢুকেছে। তার মধ্যে আরও জল ছাড়া হল। নতুন করে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। পরিস্থিতির কতটা অবনতি হবে? সেই সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না৷ আরও দুশ্চিন্তা বাড়াচ্ছে দুর্যোগ হওয়ার আশঙ্কা। সোমবার থেকে ফের বৃষ্টি শুরু হলে পরিস্থিতি বেগতিক হতে পারে৷ শুধু তাই নয়, তেমন হলে ডিভিসি কি ফের জল ছাড়তে পারে? সেই আশঙ্কাও রয়েছে।












Click it and Unblock the Notifications