একটানা বৃষ্টি এবং ধসে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়, সোমবারই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা
টানা বৃষ্টি ও ভয়াবহ ধসের জেরে যখন উত্তরবঙ্গ কার্যত বিপর্যস্ত। সেই সঙ্কটজনক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কালিম্পং এবং মিরিক সহ একাধিক পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ফলে মৃতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। সর্বশেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বর্তমানে কলকাতার নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সূত্রের খবর, রবিবার সকাল থেকেই তিনি সার্বিক পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলেছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উত্তরবঙ্গের পাঁচটি জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে মুখ্যসচিব মনোজ পন্থকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে পৌঁছবেন। তিনি শিলিগুড়ি থেকেই ক্ষতিগ্রস্ত এলাকার ওপর নজরদারি চালাবেন এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কাজ পরিচালনা করবেন।
এই বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "ভূটানে অতিরিক্ত বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি ঘটেছে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই দুর্ভাগ্যজনক দুর্যোগ আমাদের কারও হাতে ছিল না, আমরা মর্মাহত।" তিনি আরও যোগ করেন যে, সকাল ৬টা থেকে তিনি নিজে সমস্ত বিষয় তদারকি করছেন।
গত শনিবার সন্ধ্যা থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে শুরু হওয়া অবিরাম বর্ষণের জেরেই এই বিপর্যয় নেমে এসেছে। একাধিক জায়গায় বিরাট ধস নেমে জাতীয় সড়ক সহ বহু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। তিস্তা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে এবং বহু জায়গার জাতীয় সড়কের ওপর জল উঠে আসায় যান চলাচল ব্যাহত হয়েছে। পাহাড়ি জনপদে এই প্রাকৃতিক তাণ্ডবের ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্দশার সম্মুখীন হয়েছেন। উদ্ধারকারী দলগুলি যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়াদের উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছে।












Click it and Unblock the Notifications