AERO-র সঙ্গে ঝামেলায় জড়ালেন উদয়ন গুহ! কী কারণ? জানুন
ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে উত্তেজনা যেন দিন দিন বেড়েই চলেছে। SIR-এর শুনানি পর্বের তৃতীয় দিনে উত্তরবঙ্গে চরম বিশৃঙ্খলা দেখা গেল। কখনও বিধায়ক ঢুকে শুনানি বন্ধ করে দিচ্ছেন, কখনও আবার তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতা তদারকির নামে শুনানি কেন্দ্রে ঢুকে পড়ছেন। সেই তালিকায় এ বার যুক্ত হল রাজ্যের আর এক মন্ত্রীর নাম। এ বার নির্বাচন কমিশনের প্রতিনিধির সঙ্গে তীব্র ঝামেলায় জড়িয়ে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

ঘটনাটি কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকায় ঘটেছে। সেখানে অস্থায়ীভাবে SIR-এর শুনানি কেন্দ্র তৈরি করা হয়েছে। গতকাল শুনানির তৃতীয় দিনে হঠাৎই ওই কেন্দ্রে উদয়ন গুহ পৌঁছে যান। তারপরেই শুরু হয় তুমুল বিতর্ক। তাঁর অভিযোগ, প্রবীণ ভোটারদের সাথে বিএলএ-২ (Booth Level Agent)-দের ঢুকতে দেওয়া হচ্ছে না, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক।
এই বিষয় নিয়েই শুনানি কেন্দ্রে উপস্থিত AERO (Assistant Electoral Registration Officer)-র সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন উদয়ন গুহ। তাঁকে বলতে শোনা যায় যে, "এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, যাঁরা ঠিক করে কথাটাও বলতে পারেন না। তাঁরা বিডিও-র সঙ্গে একা কীভাবে কথা বলবেন?"
তাঁর দাবি যে, অন্তুত সাধারণ মানুষের জন্য শুনানি কেন্দ্রে বিএলএ-২-দের থাকা প্রয়োজন। তাঁর কথায়, "সমস্ত রাজনৈতিক দলের বিএলএ-রা থাকুক, তাতে কোনও রকম সমস্যা নেই। কোনও দল যদি প্রতিনিধি দিতে না পারে, সেটা সেই দলের সমস্যা। বিএলএ-দের পরিচয় আমরা কমিশনকে আগেই জানিয়েছি। এঁরাই তো কমিশন আর রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম।"
মন্ত্রী আরও অভিযোগ করেন যে, "বিএলএ-২-দের শুনানি কেন্দ্রে ঢুকতে না দেওয়ার কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। তাহলে প্রশাসনের কর্তারা কোন নিয়মে তাঁদের আটকাচ্ছেন?" এই প্রশ্নও তোলেন তিনি।
এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চড়াই উৎরাই শুরু হয়েছে। মন্ত্রী উদয়ন গুহের আচরণ নিয়ে বিজেপিও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন যে, "দেশের অনেক রাজ্যেই এখন SIR চলছে। কোথাও সেরকম কোনও সমস্যা নেই। যত সমস্যা হচ্ছে, সব বাংলাতেই। এর কারণ হলো, তৃণমূল বুঝে গেছে যে, এই প্রক্রিয়া ওদের বিরুদ্ধে যাচ্ছে। তাই কমিশনের প্রতিনিধি থেকে শুরু করে সব জায়গাতেই ঝামেলা পাকাচ্ছে।"
যদিও শেষ পর্যন্ত, এই বিতর্কের পর সংশ্লিষ্ট শুনানি কেন্দ্রে বিএলএ-দের ঢুকতে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে যে, মন্ত্রীর হস্তক্ষেপের জেরেই কী তবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নাকি প্রশাসন নিজের অবস্থান বদল করেছে? এই সব প্রশ্ন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনিক শৃঙ্খলা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুনানি চলমান থাকাকালীন এরকম ঘটনায় প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ বাড়ছে।












Click it and Unblock the Notifications