এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার
ধরনা মঞ্চের দ্বিতীয় দিনের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'যুবসাথী' ও ভূমিহীন খেতমজুরদের জন্য ঘোষিত দুই প্রকল্পের টাকা আর পয়লা এপ্রিল থেকে নয়, বরং আজ অর্থাৎ শনিবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে জানালেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, 'যুবসাথী' প্রকল্পে বিপুল সাড়া মিলেছে রাজ্যজুড়ে। প্রায় ৯০ লক্ষ থেকে এক কোটি তরুণ তরুণী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই তাঁদের জন্য সুখবর দিলেন তিনি। ফলে আগে যেখানে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতো, এখন বাংলা নববর্ষেরও আগেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করবে।

রাজ্য সরকারের এই 'যুবসাথী' প্রকল্প মূলত ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার তরুণ তরুণীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাজেটে দুটি নতুন কর্মসূচি আনা হয়েছিল 'যুবসাথী' ও খেতমজুর প্রকল্প। তিনি জানান, খেতমজুর প্রকল্পে এমন ব্যবস্থাও রাখা হয়েছে যাতে যাঁদের সামান্য জমি, এমনকি এক কাঠা জমি থাকলেও তাঁরা সুবিধা পান। আগে ভাগচাষী হিসেবে অনেকেই সরকারি সহায়তার বাইরে থেকে যেতেন। এবার তাঁদেরও ৪০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, "যুবসাথীতে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। আগে সিদ্ধান্ত ছিল ১ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে। কিন্তু আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। তাই আজ থেকেই টাকা পাঠানো শুরু হচ্ছে। ২১ থেকে ৪০ বছরের যুবক-যুবতীরা খুব শীঘ্রই এই অর্থ পেতে শুরু করবেন।"
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে বেকারত্ব অনেকটাই কমেছে। তবুও সরকার চাইছে আরও বেশি তরুণ তরুণী নিজেদের পায়ে দাঁড়াক ও স্বনির্ভর হয়ে উঠুক। তাই এই ধরনের আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications