NHRC to visit Murshidabad: আতঙ্কের মুর্শিদাবাদ! আসছে জাতীয় মানবাধিকার কমিশনের দল
NHRC to visit Murshidabad: মুর্শিদাবাদে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। ওয়াকফ ইস্যুতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদে জোড়া খুন। জাফরাবাদে ঘরে ঢুকে বাবা-ছেলেকে খুন করেছে দুষ্কৃতীরা। একের পর এক বাড়িতে তাণ্ডবের ঘটনা ঘটেছে। এক কাপড়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হিন্দুরা। মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় স্বতঃপ্রণোদিত অ্যাকশন জাতীয় মানবাধিকার কমিশনের দলের।
ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিশনকে। সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনার তদন্তে ডিজি (তদন্ত বিভাগ)-কে বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিজি (তদন্ত বিভাগ)-কে লেখা চিঠিতে জাতীয় মানবাধিকার কমিশনের আইন বিভাগ জানিয়েছে, "মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানান সংবাদ প্রতিবেদনে বাবা-ছেলেকে খুনের অভিযোগ উঠে এসেছে। ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এই মর্মে মুর্শিদাবাদে ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত বিভাগকে আধিকারিকদের নিয়ে টিম গঠনের নির্দেশ দেওয়া হচ্ছে। তদন্ত রিপোর্ট ৩ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে কমিশনকে।"
NHRC issues an order for a team to visit riot-hit Murshidabad. pic.twitter.com/pJkMSjtvxf
— Press Trust of India (@PTI_News) April 15, 2025
গোটা মুর্শিদাবাদ থেকে যে ছবি উঠে এসেছে তা রীতিমতো উদ্বেগের। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভয়াবহ পরিস্থিতি। ওয়াকফ ইস্যুতে প্রতিবাদের নামে যে তাণ্ডব চালানো হয়েছে, তাতে হিন্দুদের মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ। সেই তদন্তই এবার আসছে জাতীয় মানবাধিকার কমিশনের টিম। কমিশনের কাছে মেলা অভিযোগের উপর ভিত্তি করে ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে কমিশনের সদস্য প্রিয়ঙ্ক কানুনগোর নেতৃত্বাধীন বেঞ্চ।
কমিশনের কাছে ঠিক কী অভিযোগ করা হয়েছিল?
জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দায়ের হওয়া অভিযোগে স্পষ্ট বলা হয়েছে, "মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের গুন্ডারা বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মহিলা পুরুষ নির্বিশেষে হামলা চালিয়েছে। তাদের সম্পত্তি ভাঙচুর করেছে। অথচ মুর্শিদাবাদ জেলার পুলিশ কোনও সক্রিয় পদক্ষেপ নেয়নি। যার জেরে আতঙ্কে ওই এলাকাগুলি থেকে শয়ে শয়ে হিন্দু পলায়ন ঘটেছে। এখানেই শেষ হয়নি, হিন্দুরা যে ট্রাকে করে প্রাণভয়ে পালাচ্ছিল তাতেও ধাওয়া করেছে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা। এছাড়াও হিন্দুদের দোকান লুঠ ও ভাঙচুর করা হয়েছে।"












Click it and Unblock the Notifications