সন্দেশখালিতে শেখ শাহজাহানের জায়গায় তৃণমূলের নতুন মুখ! অনুমোদন খোদ মমতা, অভিষেকের
সন্দেশখালির বাঘ তাহলে কি ক্রমে গুরুত্বহীন হয়ে পড়ছে? সন্দেশখালির বাঘের নাম কাটা গেল। দায়িত্ব এল তৃণমূলের নতুন নেতা। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
সন্দেশখালি কাণ্ডে বর্তমানে জেল হাজতে রয়েছেন শেখ শাহজাহান। তিনি গোটা সন্দেশখালির বেতাজ বাদশা হিসেবে পরিচিত। সন্দেশখালি ১ ব্লকের তৃণমূলের সভাপতি পদেও দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তিনি। সেই শেখ শাহজাহানকেই এবার সরিয়ে দেওয়া হল৷

এবার তাঁর বদলে সন্দেশখালি ১ ব্লকের নতুন সভাপতি হিসেবে মিজানুর রহমানের নাম ঘোষণা করল তৃণমূল। অন্য দিকে সন্দেশখালি ২ ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ মল্লিককে। শেখ শাহজাহান এলাকার শেখ কথা। তার কথাতেই ওই এলাকায় সব কিছু হত৷ তাহলে কেন তাকে সরিয়ে দেওয়া হল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা যাচ্ছে, দমকলমন্ত্রী সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ওই এলাকার নেতৃত্বদের সঙ্গে যোগাযোগে আছেন। নিজেদের মতো করে ভালো সংগঠক খোঁজেন তাঁরা। এই দুই নতুন মুখের নাম প্রস্তাব করেন মন্ত্রী - বিধায়ক।
এরপর সেই নামে সম্মতি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনঅ আপত্তি জানাননি। এরপরেই ঘোষণা করা হয় সন্দেশখালি ১ এবং ২ ব্লকের নতুন সভাপতিদের নাম।
সন্দেশখালি ১ ব্লকের নতুন সভাপতি মিজানুর এর আগে গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন। বর্তমানে তিনি পঞ্চায়েত সদস্য। অন্য দিকে দিলীপ মল্লিক বর্তমানে সন্দেশখালি ২ ব্লকের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ। তাদের উপর এবার গুরুদায়িত্ব।
এই বিষয়ে সন্দেশখালির বিধায়ক বলেন, দিদি সভাপতিদের নামে সম্মতি দেন। এরপর রাজ্য সভাপতি তাঁদের নামে অনুমোদন দিয়েছেন। সুজিত বসু নতুন ব্লক সভাপতিদের নিয়োগপত্র দিয়েছেন। সুতরাং সন্দেশখালির দুই ব্লকেই সাংগঠনিক কাজ করতে আমাদের এবার সুবিধা হবে।
তাহলে কি দলে শেখ শাহজাহানের গুরুত্ব কমছে? জেল হাজতে বন্দি রয়েছেন শেখ শাহজাহান। তার বিরুদ্ধে তদন্ত করছেন সিবিআই গোয়েন্দারা। তাকে ছাড়াই বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল। তারপর থেকেই কি দলে গুরুত্ব কমছে শেখ শাজাহানের? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications