রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট

রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলতে চলেছে বিজেপি। ২৮ মার্চ অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্তৃত 'চার্জশিট' প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ঠিক ২৪ ঘণ্টা আগে থেকেই এই অভিযোগপত্র ঘিরে চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে।

এর আগে বিধানসভা কেন্দ্রভিত্তিক অভিযোগ তুলে ধরে একাধিক 'চার্জশিট' প্রকাশ করেছিল বিজেপি। স্থানীয় সমস্যা, জনজীবনের নানা ইস্যু তুলে ধরে সেই নথি হাতে হাতে ও হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবার সেই ধারাকেই আরও বড় আকারে এনে রাজ্য স্তরে একটি পূর্ণাঙ্গ 'অভিযোগের খতিয়ান' পেশ করতে চলেছে দল।

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দফার শাসনে রাজ্যের একাধিক ক্ষেত্রে অবনতি ঘটেছে। মোট ১৪টি মূল ক্ষেত্র চিহ্নিত করে সেইসব বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরা হয়েছে এই নথিতে। শুধু মুখ্যমন্ত্রী নন, একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বলে সূত্রের খবর।

৩৫ থেকে ৪০ পাতার এই চার্জশিটের প্রথমেই রয়েছে প্রতীকী বার্তা, অশান্ত বাংলার প্রেক্ষাপটে পিছন ফিরে দাঁড়িয়ে থাকা মুখ্যমন্ত্রীর ছবি। যা 'পরিবর্তনের ইঙ্গিত' বলেই দাবি বিজেপির একাংশের। শুরুতেই উঠে এসেছে রাজনৈতিক হিংসা, দুর্নীতি ও জনবিন্যাসের পরিবর্তনের মতো বিষয়।

এই নথিতে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ স্থান পেয়েছে। রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, মিড ডে মিল, গ্রামীণ প্রকল্পে বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি চিটফান্ড, ত্রাণ দুর্নীতি, অবকাঠামো নির্মাণে গাফিলতির মতো বিষয়ও উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। রাজনৈতিক হিংসা, নারী নির্যাতন, শিশুদের বিরুদ্ধে অপরাধ ও বিচার প্রক্রিয়ায় বিলম্ব এই সব ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছে। জাতীয় গড়ের তুলনায় অপরাধের হার বেশি বলেও দাবি করা হয়েছে।

অর্থনৈতিক দিক থেকে রাজ্যের ঋণের বোঝা বৃদ্ধি, বিনিয়োগ হ্রাস, শিল্পের অনাগ্রহ ও কর্মসংস্থানের সংকট এই বিষয়গুলিও গুরুত্ব পেয়েছে অভিযোগপত্রে। শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, পাঠ্যক্রম আধুনিকীকরণের অভাব ও সরকারি স্কুল থেকে পড়ুয়াদের সরে যাওয়ার প্রবণতা তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা, কৃষিক্ষেত্রে সমস্যা, চা বাগান শ্রমিকদের দুর্দশা, উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গের উন্নয়ন ঘাটতি সব মিলিয়ে রাজ্যের সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতার ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নথিতে।

বিজেপির লক্ষ্য পরিষ্কার নির্বাচনের আগে নিজেদের প্রতিশ্রুতি পেশ করার আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের পুঙ্খানুপুঙ্খ হিসাব জনসমক্ষে তুলে ধরা। দল মনে করছে, তথ্য প্রমাণসহ এই 'চার্জশিট' জনমনে প্রভাব ফেলতে পারে ও বিরোধী শিবিরকে চাপে ফেলবে।

এখন দেখার, অমিত শাহের হাত দিয়ে প্রকাশিত এই অভিযোগপত্র রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে ও তার জবাবে কী কৌশল নেয় শাসক দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+