ইয়াসের ক্ষয়ক্ষতি পরিদর্শনের মাঝে আজ মুখোমুখি মোদী-মমতা, চড়ছে পারদ
বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তাঁরা একে অপরের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন। বহু প্রচারে নরেন্দ্র মোদী আমফান দুর্নীতির প্রসঙ্গ তুলে মমতাকে টার্গেটে রেখেছিলেন একাধিক জনসভায়। অন্যদিকে, কেন্দ্রের ত্রাণ বঞ্চনা নিয়ে জমি ছাড়তে রাজি হননি মমতাও। এমন রাজনৈতিক প্রেক্ষাপটকে সঙ্গে নিয়ে আজ ইয়াস বিধ্বস্ত বাংলায় মুখমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

আমফান থেকে শিক্ষা নিয়ে মমতার বড় পদক্ষেপ
প্রসঙ্গত, আমফান দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার দলকে ত্রাণের কাজ থেকে দূরে রাখলেন। ২৭ মের সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়েছেন ইয়াসের ত্রাণের রাশ সম্পূর্ণভাবে প্রশাসনের হাতে থাকবে। এছাড়াও রাজ্য প্রশাসন ত্রাণের ক্ষেত্রে একাধিক বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে। তার ঘোষণাও গতকাল নবান্ন থেকে করেছেন মমতা।

দুয়ারে ত্রাণ
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩ থেকে ১৮ জুন পর্যন্ত রাজ্য়ে 'দুয়ারে ত্রাণ' উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এই উদ্যোগে ক্ষতিগ্রস্তরা আবেদন করতে পারেন। তবে কারও মাধ্যমে নয়। সরাসরি আবেদন করতে হবে ক্ষতিগ্রস্তদের। এরপর ১৯ থেকে ৩০ জুন পর্যন্ত ক্ষতি পর্যালোচনা করা হবে। তারপর ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে উপযুক্ত প্রাপকরা ব্যাঙ্কে সরাসরি টাকা পাবেন।

হাইভোল্টেজ বৈঠক
এদিকে, আজ কলাইকুন্ডায় রাজ্যের ইয়াস পরিস্থিতি পরিদর্শনে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল বনাম বিজেপি ধুন্ধুমার পরিস্থিতির পর দুই ভিন দলীয় নেত্রীর তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধনমন্ত্রীর বৈঠক ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। এই বৈঠক এদিন দুপুর ২ টোয় হওয়ার কথা রয়েছে।

পশ্চিমবঙ্গ , ওড়িশা সফরে মোদী
এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও ইয়াস বিধ্বস্ত ওড়িশায় আজ সফর করবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ওড়িশার পরিস্থিতি পরিদর্শন করে নিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ইয়াসের জেরে সেখানের ১২৮ টি গ্রাম বিধ্বস্ত। এদিন ওড়িশা পরিদর্শনের পাশাপাশি রাজ্যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।












Click it and Unblock the Notifications