ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ
উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন তিনি। সভামঞ্চ থেকেই বিস্ময় আর ক্ষোভ মিশিয়ে তাঁর প্রশ্ন "রাতে হঠাৎ করে সবার নাম উধাও! এমনকি আমার নামও অ্যাডজুডিকেশনে! এরা কী করতে পারে না?"
ময়নাগুড়ির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, এক রাতে গোটা বাংলার ভোটার তালিকায় অস্বাভাবিক গণ্ডগোল তৈরি হয়। পরে সেটিকে টেকনিক্যাল ফল্ট বলে ব্যাখ্যা করা হলেও, বিষয়টি নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, এই ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত তাই মানুষকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।

এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে একই সারিতে দাঁড় করিয়ে আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে মানুষের উপর চাপ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, গ্যাসের দাম থেকে রেলের ভাড়া, সব ক্ষেত্রেই সাধারণ মানুষ চাপে রয়েছে।
রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট করে মমতা বলেন,
যদি এনআরসি না চান, যদি ডিটেনশন ক্যাম্প না চান, যদি সামাজিক প্রকল্পগুলির সুবিধা পেতে চান তাহলে তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের একাধিক আধিকারিককে বদলি করে কেন্দ্রের প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে। তবে তাঁর হুঁশিয়ারি "আহত বাঘ আরও ভয়ঙ্কর হয়।"
উত্তরবঙ্গকে আলাদা করার সম্ভাবনা নিয়ে ওঠা জল্পনাকেও তীব্র ভাষায় খারিজ করেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, বাংলা ভাগের কোনও প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
সভা থেকে আলুচাষিদের আশ্বাস দিয়ে তিনি জানান, শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান প্রসঙ্গে দাবি করেন, রাজ্যে বেকারত্ব কমেছে ও বহু চাকরি তৈরি হয়েছে।
এছাড়াও নতুন করে 'দুয়ারে স্বাস্থ্য' প্রকল্প চালুর ঘোষণা করেন মমতা। তাঁর বক্তব্য মানুষকে আর দূরে যেতে হবে না, বাড়ির কাছেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
ডাবগ্রাম ফুলবাড়িকে পুরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, শিলিগুড়ি ও আশপাশের অঞ্চলে ব্যাপক পরিবর্তন এসেছে।
একই সঙ্গে উত্তরবঙ্গের প্রতি তাঁর ঘন ঘন সফরের প্রসঙ্গ টেনে মমতা বলেন, আগে এই অঞ্চল অবহেলিত ছিল, এখন নিয়মিত নজর দেওয়া হচ্ছে।
ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে এবারের লড়াই বিশেষ নজর কেড়েছে। তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা ও বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে মা ও ছেলে সমীকরণ, যা এই কেন্দ্রের ভোটযুদ্ধকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ভোটের আগে উত্তরবঙ্গের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক বার্তা স্পষ্ট, ভোটার তালিকা বিতর্ক হোক বা কেন্দ্র বিরোধী অবস্থান, সবকিছু মিলিয়ে লড়াইয়ের ময়দান গরম করতে কোনও রাখঢাক রাখছেন না তিনি।












Click it and Unblock the Notifications