Murshidabad: সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে পুলিশের জালে মূল চক্রী, চোপড়া থেকে গ্রেফতার জিয়াউল শেখ
Murshidabad: মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও ছড়িয়েছিল হিংসার আগুন। আর সেখানেই বাবা ও ছেলেকে খুনের ঘটনা সামনে এসেছিল। নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। ঘটনায় ফের একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। স্রেফ হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে তাদের খুন হতে হয়েছে বলে দাবি করে পরিবার। যদিও খুনের মোটিভ খুঁজতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
হরগোবিন্দ ও চন্দন খুনে চতুর্থ গ্রেফতারি উত্তর দিনাজপুর থেকে। চোপড়া থেকে গ্রেফতার খুনের মূল চক্রী জিয়াউল শেখ। ধৃত সামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গত ১২ এপ্রিল খুনের ঘটনার আগে দাস পরিবারের বাড়ির সামনে জমায়েত ও বাড়িতে হামলা চালাতে নেতৃত্ব দিয়েছিল ধৃত জিয়াউল। খুনের ঘটনাতেও প্রত্যক্ষভাবে জড়িত জিয়াউল, দাবি পুলিশ সূত্রের।

এর আগে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় সুতি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ইনজামুল হক নামে এক অভিযুক্তকে। জাফরাবাদে ওই খুনের ঘটনায় গ্রেফতার করা হয় শুলিপাড়ার বাসিন্দা ইনজামুলকে। দুটি এলাকাই কাছাকাছি অবস্থিত বলে জানান এডিজি। বেঙ্গল এসটিএফের হাতে ধৃত ব্যক্তি পেশায় মিস্ত্রি বলে জানা গিয়েছে। ধৃত ইনজামুলও বাবা ও ছেলের নৃশংস হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল বলে জানিয়েছিলেন এডিজি। পুলিশের দাবি, হত্যার আগে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া ও প্রমাণ লোপাটে সিসিটিভি ভাঙার চেষ্টা করে ইনজামুল।
এর আগে গত মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছিলেন, জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় কালু নাদাব ও দিলাবর নাদাব নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তেরা আবার সম্পর্কে দুই ভাই। সোমবার রাতে বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে কালুকে ও মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বাংলাদেশ ঘেঁষা এলাকা থেকে গ্রেফতার করা হয় দিলাবরকে। দুজনেউ সরসারি খুনের ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ। জাফরাবাদ সংলগ্ন ঝিকরি এলাকায় এদের বাড়ি।
গত ১২ এপ্রিল ঘর থেকে বাইরে বের করে পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ ও চন্দন দাসকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ শনাক্ত করে কালু ও দিলাবরকে গ্রেফতার করে পুলিশ। এরপর ইনজামুল ও জিয়াউলকে গ্রেফতার করল পুলিশ। দ্রুত চার্জশিট দিয়ে ধৃতদের শাস্তি সুনিশ্চিত করা হবে বলে জানান এডিজি।












Click it and Unblock the Notifications