Murshidabad: জ্বলছে মুর্শিদাবাদ, ইউসুফ পাঠান মজে চা-বিশ্রামে! তৃণমূলের তারকা সাংসদ কোথায়? নিন্দার ঝড় সর্বত্র
Yusuf Pathan: হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ (Murshidabad)। জেলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ সব ছবি উঠে এসেছে সংবাদ ও সমাজমাধ্যমে। সেই মুর্শিদাবাদেরই সদর শহর বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ (Berhampore MP) ইউসূফ পাঠান। মুর্শিদাবাদ জুড়ে হিংসা চলার সময় সাংসদের টিকিরও দেখা না মিলল না। বরং ইনস্টা পোস্টে অলস কোনও বিকেলে চায়ে চুমুক দিতে ব্যস্ত সাংসদ। আর সেই পোস্ট ঘিরেই তুঙ্গে বিতর্ক। সাংসদের 'নীরবতা' নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকরা।
তৃণমূলের তারকা সাংসদ ইউসূফ পাঠান গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে বলেছিলেন, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার কথা। অথচ গোটা মুর্শিদাবাদ যখন জ্বলছে, তখন কোনও বার্তাই এল না প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদের থেকে। বরং ইনস্টাগ্রামে একটি পোস্টে চায়ে চুমুক দিয়ে, কখনও গাছের তলায়, কখনও আবার আরামকেদারায় বিশ্রাম নিতে দেখা গেল ইউসূফকে।

কমেন্টে নিন্দার ঝড় বইয়ে দিয়েছেন নেটিজেনরাও। ক্যাপশনে ইউসূফ লেখেন, "অলস বিকেলবেলা, এক কাপ দারুণ চা ও শান্ত নিরিবিলি পরিবেশ। এই মুহূর্ত খুব উপভোগ করছি।" তিনটি ছবি পোস্ট করেন সাংসদ। আর তারপরই কমেন্টে ধেয়ে আসে তুমুল সমালোচনা। এক কমেন্টদাতা আবার বলেই বসলেন, "আপনার কি কোনও লজ্জা নেই?" কেউ কেউ আবার বিশ্বাসঘাতক, প্রতারক বলেও কমেন্ট সেকশনে আক্রমণ শানান সাংসদকে।
ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব চালানো হয়েছে মুর্শিদাবাদে। এমতাবস্থায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম, কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক বাইরন বিশ্বাস সকলকেই রাস্তায় নেমে মানুষকে বোঝাতে দেখা গিয়েছে। কিন্তু ইউসুফের দেখা নেই। স্বাভাবিকভাবেই এনিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি সিপিএমও।
বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স পোস্টে বলেন, "বাংলা জ্বলছে। স্বয়ং হাইকোর্ট বলেছে চোখ বন্ধ করে না থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। দাঙ্গায় উসকানি দিচ্ছেন মমতা ব্যানার্জি। অথচ পুলিশ চুপ রয়েছে। হিন্দুদের মারা হচ্ছে, আর এদিকে সাংসদ ইউসুফ পাঠান চায়ে চুমুক দিতে ব্যস্ত। এটাই হল তৃণমূল।" ফেসবুকে ইউসুফের চায়ে চুমুকের ছবি শেয়ার করে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যও। যদিও সাংসদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।












Click it and Unblock the Notifications