মুকুলের প্রয়াণে বেদনাহত মমতা, বিধানসভায় শ্রদ্ধা জানালেন অভিষেক, শোকবার্তা শুভেন্দুরও
দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন মুকুল রায়। একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। রেলমন্ত্রী, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
তৃণমূলের জন্মলগ্নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল বিজেপিতে গিয়েছিলেন। ২০২১ সালে ভোটে জেতার পর ফিরেছিলেন তৃণমূলে। আজ বিধানসভায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান কাঁচরাপাড়ার বাড়িতেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, "প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।
প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।
এই অভিজ্ঞ নেতা ও সহকর্মীর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। শুভ্রাংশুকে বলব, মন শক্ত করো: এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি।"
বিধানসভায় গিয়ে মুকুল রায়ের মরদেহে মাল্যদান করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, সুজিত বোস প্রমুখ। অভিষেক শোকবার্তায় লেখেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগের অবসান হলো। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই নেতা রাজ্যের জনজীবন ও রাজনৈতিক যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে বিশেষ ভূমিকা পালন করেছেন।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসেবে, তিনি দলের সংগঠনের বিস্তার ও সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বরের কাছে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।"
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লেখেন, "প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। ওঁ শান্তি।"












Click it and Unblock the Notifications