Bhatpara: অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি! বোমা ছুড়ে চম্পট দুষ্কৃতীদের, কাঠগড়ায় TMC; বিজেপি নেতাকে থানায় তলব
Arjun Singh: রামনবমীর আগে ফের অশান্ত ভাটপাড়া। ফের গুলি বোমাবাজির অভিযোগ ভাটপাড়ায়। বুধবার রাতে ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি ও বোমাবাজির অভিযোগ। অর্জুন সিংকে লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা দুষ্কৃতীদের ধাওয়া অর্জুন সিংয়ের। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। এদিকে বৃহস্পতিবার সকালে জগদ্দল থানায় অর্জুন সিংকে হাজিরার নির্দেশ দেওয়া হল।
বুধবার রাতে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। সূত্রের খবর, স্থানীয় মেঘনা মিলে দুই পক্ষের অশান্তির জেরে গুলি চলে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং ঘটনাস্থলে যান বলে খবর। এরপরই অশান্তি বৃহৎ আকার নেয় বলে জানা গিয়েছে। পাঁচ থেকে সাত রাউন্ড গুলি চলে বলে অভিযোগ অর্জুন সিংয়ের। সেই সময় মজদুর ভবনের ছিলেন তিনি। ২ রাউন্ড গুলির শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করতে যান বিজেপি নেতা।

যদিও ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানান তিনি। তাঁকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ প্রাক্তন সাংসদের। বেশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছেও যান অর্জুন। পুলিশের সামনেই গুলি চলে বলে অভিযোগ অর্জুনের। রাতে বোমাবাজিও হয় বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। যদিও অভিযোগ নস্যাৎ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুন সিং গুলি চালিয়েছেন বলে পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়কের।
এদিকে, গোটা ঘটনায় সাদ্দাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন বলে সূত্রের খবর। প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফও। দফায় দফায় টহল দিচ্ছে পুলিশ। এলাকায় তাজা বোমা ও কার্তুজের খোলও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে বৃহস্পতিবার জগদ্দল থানায় হাজিরা চেয়ে সমন পাঠানো হল অর্জুন সিংকে। সকাল ১০টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দল থানার এস আই মৃত্যুঞ্জয় মণ্ডলের। অস্ত্র আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অর্জুনের বিরুদ্ধে এফআইআর রুজু জগদ্দল থানায়।
সেইমতো দশ দফা শর্তও বেঁধে দেওয়া হয়েছে অর্জুন সিংকে। যদিও থানায় বৃহস্পতিবার হাজিরা দেবেন না বলে জানিয়েছেন অর্জুন সিং। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ অর্জুনের। সূত্রের খবর, পাল্টা এফআইআর করেছেন তিনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চ্যালেঞ্জ বিজেপি নেতার।
এদিকে ভাটপাড়াকাণ্ডে রাজ্যকে তুলোধনা বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। বিরোধী দলের নেতাদের ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। টিগ্গা বলেন, "গণতন্ত্রে বিশ্বাস করে না পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে কোনও আইনের শাসন নেই। বোমা গুলির উপর নির্ভর করেই ক্ষমতায় থাকতে চায় তৃণমূল। দুর্নীতিতে ছেয়ে গিয়েছে গোটা রাজ্য। ২০২৬-এর ভোটের জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী। এই সরকারকে উৎখাত করেই ছাড়বেন তারা।"












Click it and Unblock the Notifications