Abar Proloy: পার্থ ভৌমিকের মুখে কুকথা, অশালীন অঙ্গভঙ্গিতে বিতর্ক! মন্ত্রীর অস্বস্তি বাড়াল রাজের ওয়েব সিরিজ
Abar Proloy: রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে নিয়ে জোর বিতর্ক। অবশ্য রাজনৈতিক কারণে নয়। পার্থ ভৌমিক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব। তাঁর এবার অভিষেক ঘটতে চলেছে ওয়েব সিরিজে। জি ফাইভে মুক্তি পাচ্ছে আবার প্রলয়।
এই ওয়েব সিরিজে পার্থ ভৌমিক অভিনয় করছেন অসৎ পুলিশ অফিসারের ভূমিকায়। মুক্তি পেয়েছে ট্রেলার। আর সেখানকারই একটি বক্তব্য ও অঙ্গভঙ্গি নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।

মণিপুর থেকে মালদহ, নারীদের সম্মানের বিষয়টি নিয়ে যখন বিভিন্ন মহলে চর্চা ও রাজনৈতিক চাপানউতোর চলছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ পার্থ ভৌমিককে নিয়ে যে বিতর্ক উঠেছে তা নারীদের প্রতি অবমাননাকর বলে অভিযোগ তুলছেন অনেকে।

এমনকী বিধায়ক, মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব হিসেবে পার্থ ভৌমিকের যে ভাবমূর্তি তাতেও এই সংলাপ ও অঙ্গভঙ্গি ধাক্কা দিয়েছে বলে উপলব্ধি সংস্কৃতিপ্রেমী মানুষের। বামফ্রন্ট সরকারের মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায় থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকী অনেকে বলছেন, ভিলেনের চরিত্রে অভিনয় করা উৎপল দত্তকেও তো এমন সংলাপ বলতে শোনা যায়নি।
নাটক বা চলচ্চিত্রে যে কু-কথার প্রয়োগ হয় না তা নয়। তবে ওয়েব সিরিজে অত্যধিক মাত্রায় গালিগালাজ থাকছে। এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক অভিনেত্রী লিপলক কিংবা শয্যাদৃশ্যে অভিনয়ের প্রস্তাব সযত্নে ফেরান। সেখানে পার্থ ভৌমিকের কিছুটা সচেতন হওয়া উচিত ছিল বলেও অনেকের অভিমত। দায় থেকে যায় প্রযোজক ও পরিচালকেরও।
সুন্দরবন এলাকায় প্রলোভন দেখিয়ে নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ওয়েব সিরিজের কাহিনি। রাজ চক্রবর্তী পরিচালক, প্রযোজক তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ওয়েব সিরিজে রয়েছেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া, তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৌশানী মুখোপাধ্যায়। রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
শাশ্বতর মুখেও গালিগালাজের সংলাপ শোনা গিয়েছে ট্রেলারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর মুখে কু-কথা ও অশালীন ইঙ্গিত ঘিরে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পার্থ ভৌমিককে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিতর্কের কথা জানা নেই। আমি একজন অভিনেতা। অভিনেতা হিসেবেই যা করণীয়, সেটা করেছি।

এই ধরনের সংলাপ বা অঙ্গভঙ্গির দরকার ছিল কিনা সেটা প্রযোজক, পরিচালককে জিজ্ঞাসা করতেই বলেছেন পার্থ। ওয়েব সিরিজে গালিগালাজ রাখার যে চল, তা নিয়ে প্রশ্নের উত্তরেও পার্থ বলেন, বিষয়টি পরিচালক বা প্রযোজকদের জিজ্ঞাসা করা উচিত। রাজ ও শুভশ্রীকে ফোনে পাওয়া যায়নি। তাঁদের প্রতিক্রিয়া জানতে চাইলে মেসেজেরও উত্তর মেলেনি প্রতিবেদন লেখা পর্যন্ত।
তৃণমূলের সাধারণ সম্পাদক পার্থ নিজে আজ ফেসবুকে লিখেছেন, আমি কৃতজ্ঞ পরিচালক রাজ চক্রবর্তী ও প্রযোজক শুভশ্রী গাঙ্গুলির কাছে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্যে। যদিও বিরোধীদের কটাক্ষ, বিধায়কই অস্বস্তি ফেলে দিলেন রাজ্যের মন্ত্রীকে।
(ছবি- রাজ চক্রবর্তী ও পার্থ ভৌমিকের সোশ্যাল মিডিয়া)












Click it and Unblock the Notifications