সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে পারদ পতনের পরিমাণ হবে উত্তরবঙ্গের চেয়েও বেশি
আগামী চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
পাশাপাশি, আগামী এক সপ্তাহ রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিশেষত, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। সকালে রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যেখানে দৃশ্যমানতা এক কিলোমিটার থেকে কমে ২০০ মিটারে নেমে আসতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি। সমতল এলাকার মধ্যে আলিপুরদুয়ার ১২ ডিগ্রি সেলসিয়াস নিয়ে শীতলতম ছিল, কোচবিহারের তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
পাহাড়ি অঞ্চলের মধ্যে দার্জিলিং ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সবচেয়ে ঠান্ডা ছিল। এছাড়া, কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications