Mimi Chakraborty: এত সমালোচনা, আর নয়! মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফা 'সাংসদ' মিমির
Mimi Chakraborty: সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখে যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত কয়েকদিন আগেই সরকারি বেশ কিছু পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর থেকে তাঁকে নিয়ে শুরু হয় একাধিক জল্পনা। আর এর মধ্যেই আজ বৃহস্পতিবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি।
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইস্তফাপত্র অভিনেত্রী (Mimi Chakraborty) জমা দিয়েছেন। তবে তা তৃণমূল সুপ্রিমো গ্রহণ করেননি বলে খবর। অন্যদিকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে গেলে লোকসভার স্পিকারকে নিয়ম মেনে জমা দিতে হয়।

আর তা অভিনেত্রী দিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে ভোটের মুখে মিমির ইস্তফা ঘিরে চরম অস্বস্তিতে শাসকদল। তবে হঠাত করে কেন পদত্যাগ তা এখনও স্পষ্ট হয়নি।
তবে তাঁর জন্য রাজনীতি নয় বলেই মুখ্যমন্ত্রীকে মিমি জানিয়েছেন বলে সূত্রের খবর। এমনকি আগামী লোকসভা নির্বাচনে আর প্রার্থী তিনি হতে চান না বলেও সুপ্রিমোকে অভিনেত্রী জানিয়ে এসেছেন বলে জানা গিয়েছে।
বিধানসভা থেকে বেরিয়ে মিমি জানান, রাজনীতি আমার জন্য না। এটা আমি বিশ্বাস করি। আমি যদি কিছু বাজে কাজ করতাম বা করেছি তাহলে তো আপনারাই সবার আগে দেখাতেন। আমি নিজের দল তো ছেড়েই দিন অন্য দলকে নিয়েও কখনো খারাপ কথা বলি নি।
তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে? আমি দিল্লিতে থাকলে বলা হয় সাংসদ তো দিল্লিতেই থাকেন আবার কলকাতায় থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না। তাহলে সাংসদ করে লাভ কি হলো।
পাশাপাশি কাজ করতে গিয়ে দলের মধ্যেও বিভিন্ন সময় বাঁধার মুখে পড়তে হয়েছে। সে বিষয়েও এদিন ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। বলেন, আমার যে অভিযোগ ছিলো সেটা আমি দিদিকে জানিয়েছি। দেখি উনি কি স্টেপ নেন।
কাদের কাছ থেকে বাঁধা পেয়েছি, সেটাও দলের সুপ্রিমোকে জানিয়েছেন বলে দাবি অভিনেত্রীর। এখনই শুধু নয়, গত ২০২২ সালেও সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তা করেননি বলে এদিন দাবি করেন প্রাক্তন এই সাংসদ।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ ছাড়েন মিমি। এমনকি কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য পদও ছেড়ে দেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দেন। এরপরেই মিমিকে শুরু হয় একাধিক জল্পনা।












Click it and Unblock the Notifications