পারদ নামছে, দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত, আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন
লা নিনার প্রভাব কার্যত চোখে পড়ার মতো। পূর্বাভাস অনুযায়ীই বাংলাজুড়ে শীতের দাপট বাড়তে শুরু করেছে। শনিবার কলকাতায় সবচেয়ে ঠান্ডা দিন রেকর্ড হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। অন্য জেলাগুলিতে পারদ ছিল ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার থেকে শীত আরও কড়া হবে।
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভূত হবে। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই আট জেলায় শীতের ব্যাটিং জোরালো। সকালভর কুয়াশার দাপট থাকবে, ফলে দৃশ্যমানতা কমার আশঙ্কা। আপাতত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ না থাকায় উত্তুরে ঠান্ডা হাওয়ার প্রবেশে বাধা নেই, এটাই শীত বেড়ে যাওয়ার মূল কারণ।

উত্তরবঙ্গেও শীতের সঙ্গে কুয়াশা চিন্তা বাড়াচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে রবিবার সকালে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে। কুয়াশার কারণে সকালবেলা যান চলাচলে বিঘ্ন হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। ডব্লিউএমও এর পূর্বাভাস অনুযায়ী, লা নিনার প্রভাবে উত্তর ভারতে তীব্র শীত পড়বে, যার রেশ বাংলাতেও পড়তে চলেছে। সব মিলিয়ে মোটের উপর উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত স্পষ্ট।












Click it and Unblock the Notifications