বিহার থেকে আসা বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার! গ্রেফতার ৪
পুজোর আগে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হলো বাস থেকে। গতকাল রাতে। পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের তৎপরতায় বাসে তল্লাশি চালিয়ে ৭২ লক্ষ টাকা উদ্ধার হলো।
বাসের দুই চালক, খালাসি ও এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্ত চলছে।

আজ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের ভাগলপুর থেকে কলকাতা যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় বাসটি দাঁড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মেমারি থানার পুলিশ ওই বাসটিতে তল্লাশি চালানো শুরু করে।
তল্লাশির সময় বাস থেকে মেলে দুটি বড় ব্যাগ। ওই ব্যাগ খোলা হতেই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। ৭২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। মেশিন এনে টাকা গোনা হয়। উদ্ধার হওয়া টাকার বৈধ কোনও নথি দেখাতে না পারায় পুলিশ বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে প্রথমে আটক করে। পরে চারজনকেই গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শম্ভুনাথ ভার্মা,কৃষ্ণ দাস,বাবলু দাস এবং নবীন কুমার সিং। ধৃতরা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। এদের মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক, কৃষ্ণ দাস খালাসি এবং শম্ভুনাথ ভার্মা যাত্রী বলে জানা গেছে।
বছর ঘরলেই বাংলায় হবে বিধানসভা নির্বাচন । বিহারেও একেবারে দোরগোড়ায় বিধানসভা ভোটে । এমন এক সময়ে বিহার থেকে বাংলায় আসা যাত্রীবাহী বাস থেকে এত বিপুল পরিমান টাকা
উদ্ধারের ঘটনা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। কার টাকা? কোথায়,কী উদ্দেশ্যে,ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল ? সেই প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুলিশ । তবে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের সাফল্য নিয়ে জেলা পুলিশের কর্তারা কেন স্পিকটি নট,সেই নিয়ে বিজেপি শিবির এখন চর্চায় মেতেছে।












Click it and Unblock the Notifications