দমদমে আত্মঘাতী ৪৭ বছরের বৈদ্যনাথ, এসআইআরের আতঙ্কেই বলে দাবি পরিবারের
এসআইআরের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এবার দক্ষিণ দমদমে। আর এন গুহ রোডের বাসিন্দা ৪৭ বছর বয়সের বৈদ্যনাথ হাজরাকে আজ সকালে বাড়ির কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী (এসআইআর) সংক্রান্ত সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, বৈদ্যনাথ পেশায় একজন চালক ছিলেন এবং স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। পরিবার দাবি করেছে যে, তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকায় তিনি চিন্তিত ছিলেন।
ওই আধিকারিক আরও বলেন, ছোটবেলায় বাবা-মা মারা যাওয়ায় তাঁর কাছে কোনও পুরোনো নথিও ছিল না। যদিও বর্তমান ভোটার তালিকায় তাঁর নাম ছিল এবং প্রতিবেশীরা তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। তবুও তিনি উদ্বিগ্ন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের সদস্যদের কথায়, "গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাচ্ছিলেন না। তাঁর স্ত্রী জানিয়েছেন, রবিবার রাত ২টো নাগাদ তিনি ফোন বাড়িতে রেখে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি।" আজ সকালে স্থানীয়রা একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।












Click it and Unblock the Notifications