মোদীকে মাছ খাওয়াতে চান মমতা? পালটা আক্রমণে তথাগত, শঙ্কু! পক্ষে কী বললেন দোলা সেন?
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। চিংড়ির মালাইকারি, চিংড়ি পটোল তিনি নিজের হাতে রান্না করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পলতার সভা থেকে এমনই বক্তব্য রাখেন। তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। বিজেপি, সিপিএম শিবিরে ভিন্ন মনোভাব লক্ষ্য করা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরামিষাসী। তিনি কোনওভাবেই আমিষ পদের স্বাদগ্রহণের আশপাশেও থাকেন না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন। এই বক্তব্যের পর বিজেপির তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আক্রমণাত্মক মন্তব্য করেছেন নিজের এক্স হ্যান্ডেলে।

" মমতা না কি মোদীজিকে নিজের রাঁধা মাছভাত খাওয়াতে চান! সাধু প্রস্তাব। কিন্তু তার আগে একবার নিজের অনুচর ফিরাদ হাকিমকে একবার পর্ক চপ খাইয়ে দেখান না! এক ঢিলে তিন পাখি মারা হবে! ধর্ম নিরপেক্ষতা জাহির করাও হবে। চ্যারিটি বিগিনস এট হোম - দেখানোও হবে, আর চপ শিল্পের গুণগানও হবে!" এই বার্তাই দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মমতা নাকি মোদীজিকে নিজের রাঁধা মাছভাত খাওয়াতে চান !
— Tathagata Roy (@tathagata2) May 14, 2024
সাধু প্রস্তাব। কিন্তু তার আগে একবার নিজের অনুচর ফিরাদ হাকিমকে একবার পর্ক চপ খাইয়ে দেখান না ! এক ঢিলে তিন পাখি মারা হবে ! ধর্মনিরপেক্ষতা জাহির করাও হবে, charity begins at home- দেখানোও হবে, আর চপ শিল্পের গুণগানও হবে ! 😃
অন্য দিকে মমতার কথার সমালোচনা করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি জানেন, প্রধানমন্ত্রী নিরামিষ খান। মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের অপমান করছেন। অভিযোগ করেন শঙ্কুদেব।
এই বিষয়ে ঘুরিয়ে খোঁচা দিয়েছেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। বিজেপি - তৃণমূল গোপন আঁতাঁতের কথা সব সময় দাবি তোলে সিপিএম। সেই সুর রেখেই বিকাশ বলেন, দাদা - বোনের সম্পর্ক দুজনের। মমতা দিদি অবশ্যই প্রধানমন্ত্রীর জন্য রান্নার প্রস্তাব দিতে পারেন। এটি তাঁকে শান্ত রাখার জন্য কী না, জানা নেই।
দলনেত্রীর কথাকে সমর্থন করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি বলেন, তৃণমূল নেত্রী ধর্মীয়, সাংস্কৃতিক বৈচিত্র, বৈচিত্রের মধ্যে ঐক্য নেত্রী বোঝাতে, বলতে চেয়েছেন। মোদীর যেমন নিজের পছন্দ মতো খাওয়ার অধিকার আছে। তেমনই প্রত্যেক ভারতীয়ের একই অধিকার আছে৷












Click it and Unblock the Notifications