ভরা জনসভায় কেন্দ্রের চিঠি ছিঁড়ে ফেললেন মমতা! রেগে গিয়ে ১০০ দিনের কাজ নিয়ে বড় ঘোষণা করলেন তিনি
আজ কোচবিহারে রাসমেলা ময়দানে রাজনৈতিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুললেন মমতা। তিনি জানান যে, ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা, সমস্তটাই কেন্দ্র আটকে রেখেছে। টাকা দেওয়ার আগে নানারকমের শর্তও কেন্দ্র চাপাচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন, কেন্দ্রের চাপানো সেই লেবার বাজেটের শর্ত তিনি মানবেন না। কেন্দ্র যে যে শর্তের কথা বলেছে, তার মধ্যে কয়েকটি উল্লেখ করেন মমতা এবং তিনি স্পষ্ট করে বলেন, "আমরা কেন্দ্রের এই শর্ত মানি না। ১০০ দিনের কাজ বাংলাই করবে।" মঞ্চে বক্তব্য রাখতে রাখতেই কেন্দ্র যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠি তিনি ছিঁড়ে ফেলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "এখন এসআইআর (SIR) করছে। আপনি যদি ডিসেম্বর মাসে কিছু টাকাও দেন, মার্চেই তো আর্থিক বছর শেষ হবে। তখন আবার বলবেন কাজ হয়নি। দু'মাসে টেন্ডার করে এত কাজ করা সম্ভব নয়। প্রথমে তো করতে দেননি।"
তিনি আরও বলেন, "একশো দিনের কাজের টাকা দেওয়া চার বছর ধরে বন্ধ। আবাস যোজনা বন্ধ। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। ৭টা জায়গার কেন্দ্র ভোট নেয়, কিন্তু কাজ করি আমরা। এতগুলো চা-বাগান আমরা আবার চালু করেছি, তবুও কেন্দ্রের হিংসা কমে না।"
তবে তাঁর দাবি যে, এত বাধা থাকার সত্ত্বেও বাংলার সরকার নিজস্ব উদ্যোগে নানা জনমুখী প্রকল্প চালু করেছে। আর ধীরে ধীরে নিজেদের পায়েও দাঁড়াচ্ছে। মমতার কথায়, "বাংলা কখনও মাথা নত করেনি, আর ভবিষ্যতে করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে।"
কেন্দ্রের নতুন নির্দেশিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "হঠাৎ একটা চিঠি দিয়ে বলছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, ট্রেনিং দিতে হবে, তারপর কাজ দিতে হবে। কিন্তু আর কবে ট্রেনিং দেবেন? আর কবে কাজ দেবেন? এই কাগজের কোনও মূল্য নেই। ১০০ দিনের কাজ বাংলাই করবে। আমরা ভিক্ষা চাই না।"
এ কথা বলতে বলতেই সবার সামনে কেন্দ্রের পাঠানো চিঠিটি ছিঁড়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications