'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?
ভোটের আবহে ফের কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (মঙ্গলবার) চন্দ্রকোনার সভা থেকে তিনি অভিযোগ করেন যে, বাংলায় কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে এবং রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করা হচ্ছে।

মমতার দাবি যে, " বাংলায় অনেক চক্রান্ত চলছে। নির্বাচনে জিততে পারবে না বলে কেন্দ্র পিছন থেকে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিচ্ছে।" নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, "কমিশন কীভাবে কাজ করছে, সে বিষয়েও কোনো স্বচ্ছতা নেই।"
প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা। তাঁর কথায়, "মোদী এবং শাহের মতো খারাপ স্বৈরাচারী নেতা আমি কোনোদিন দেখিনি। মানুষকে মানুষ বলে ভাবেন না এঁরা। খুব সাংঘাতিক মানুষ এনারা। বাংলার উপরে এত রাগ কীসের?" তিনি আরও বলেন, "ওরা যা কিছু করবে, তার ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ করব।"
তিনি অভিযোগ করেন যে, বাংলাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে ও রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যকে অসম্মান করা হচ্ছে।
এছাড়াও ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি যে, বাংলার ভোটার তালিকায় অন্য রাজ্যের মানুষদের নাম যুক্ত করার চেষ্টা চলছে। দলের নেতা এবং কর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি।
এর আগেও একবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই একই অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, বাংলার ভোটার তালিকায় বাইরে থেকে আনা নাম তোলার চেষ্টা চলছে এবং সেই প্রসঙ্গে তিনি সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান।
অর্থাৎ, ভোটের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।












Click it and Unblock the Notifications