এনআরসিকে দায়ী করে আত্মহত্যা পানিহাটিতে! বিজেপির বিরুদ্ধে সরব মমতা, হৃদয়হীন খেলা বন্ধের দাবি
আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। খড়দহের পানিহাটির এক ব্যক্তির সুইসাইড নোটে লেখা ছিল এমনই। আর সেটিকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। তারপরই এনআরসি ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানান, খড়দহের ৯ নম্বর ওয়ার্ডের পানিহাটি মহাজ্যোতি নগরের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন। তাঁর রেখে যাওয়া সুইসাইড নোটে লেখা, "আমার মৃত্যুর জন্য NRC দায়ী।" এই ঘটনায় মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ করে লিখেছেন, এই ঘটনা তাদের "ভয় ও বিভাজনের রাজনীতির" চরম নিদর্শন। তিনি অভিযোগ করেন, বিজেপি বছরের পর বছর ধরে নিরপরাধ নাগরিকদের NRC-এর হুমকি দিয়ে হয়রানি করছে। মিথ্যা তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং ভোট পাওয়ার জন্য নিরাপত্তাহীনতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি সাংবিধানিক গণতন্ত্রকে একটি "কঠোর আইন-শাসনে" পরিণত করেছে, যেখানে মানুষকে তাঁদের অস্তিত্বের অধিকার নিয়েই সন্দিহান করে তোলা হচ্ছে। এই মর্মান্তিক মৃত্যুকে তিনি বিজেপির "বিষাক্ত প্রচারের" প্রত্যক্ষ ফল হিসেবে অভিহিত করেছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যাঁরা দিল্লিতে বসে দেশপ্রেমের বুলি আওড়াচ্ছেন, তাঁরা সাধারণ ভারতীয়দের এমন হতাশায় ঠেলে দিয়েছেন যে তাঁরা নিজেদের ভূমিতেই মরতে বাধ্য হচ্ছেন এই ভয়ে যে তাঁদের বিদেশি বলে ঘোষণা করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে এই "হৃদয়হীন খেলা" অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, বাংলা কখনোই NRC (জাতীয় নাগরিক পঞ্জি) হতে দেবে না। তিনি বাংলাকে মা-মাটি-মানুষের স্থান বলে অভিহিত করে বলেছেন, ঘৃণার রাজনীতি যারা করে বাংলা তাদের নয়।
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, "দিল্লির জমিদাররা" যেন স্পষ্টভাবে শুনে নেয় যে, বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে। তিনি প্রতিজ্ঞা করেন, বাংলা বাংলার জনগণের মর্যাদা ও আত্মপরিচয় কেড়ে নিতে দেবে না।












Click it and Unblock the Notifications