Mamata Banerjee: "যোগ্য-অযোগ্য দেখার দরকার নেই, কাজে ফিরুন," মমতার বার্তা শুনে 'থ' চাকরিহারা শিক্ষকরা
Mamata Banerjee: যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে রাতভর প্রতিবাদ চাকরিহারাদের। মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কেন গরমের মধ্যে বসে রয়েছেন? আপনারা স্কুলে যান। যাঁরা আপনাদের উস্কানি দিচ্ছে, তাঁরা টাকা দেবেন না। সরকার আপনাদের বেতন দেবে।" মমতার বার্তায় যদিও বরফ গলেনি।
যোগ্য ও অযোগ্যের তালিকা নিয়ে কেউ কেউ জেদ করে আছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি স্পষ্টতই বলেন, "আমি তো চাইব না, আমার রাজ্যে বেকার বাড়ুক। আইন আমাদের মানতে হয়। চিন্তা করার দরকার নেই। যারা উসকাচ্ছে তারা দেবে না মাইনে। সরকার বেতন দেবে। আপনারা স্কুলে যান, বেতন নিয়ে ভাবতে হবে না। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন আমাদের।"

চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে মমতার বার্তা, "যোগ্য অযোগ্য আপনার দেখার প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। চাকরি করেন, মাইনে পাচ্ছেন কি না, সেটা আপনার দেখার দরকার। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। কেউ কেউ রিজিড আছে। বলছে তালিকা প্রকাশ করতে হবে। আমি কলকাতায় থাকলে ১ সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। মেদিনীপুরে আছি বলে সম্ভব হচ্ছে না। গতকাল থেকে ১০ বার ফোনে কথা বলার চেষ্টা করেছি। গ্রুপ সি ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব।"
চাকরি বাতিল ইস্য়ুতে বিরোধীদের নিশানা করে মমতা বলেন, "নতুন করে মামলা করেছে ৩২ হাজার প্রাথমিকের চাকরি বাতিল করেছে। এরা কারা? উত্তরপ্রদেশে বিজেপির সরকারে ৬৯ হাজার চাকরি গিয়েছে, কেউ ফিরে পাননি। বিজেপি শাসিত ত্রিপুরায় চাকরিহারাদের মাথায় লাঠি পড়েছে। আমরা তো বলেছি চাকরি ফিরিয়ে দেব। যে যেখানে চাকরি করতেন, সেখানে ফিরে যান।"
মমতা আরও বলেন, "সুপ্রিম কোর্ট টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বন্ধ করে দিয়েছিল। আমরা তো রিভিউ পিটিশন করে লড়াই করেছি। বেতন পাবেন শিক্ষকরা। এর জন্য দাঙ্গা, প্ররোচনা করার প্রয়োজন নেই। গ্রুপ সি, ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব। আমাদের উপর ভরসা রাখুন।"
মমতার বার্তা শুনে কার্যত স্তম্ভিত এসএসসি ভবনের সামনে বিনিদ্র রাত আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, "অযোগ্যদের সঙ্গে কীভাবে স্কুলে যাব? কীভাবে টিচার্স রুম শেয়ার করব? আমরা কেন যোগ্য-অযোগ্য ভাবব না? সরকারের জন্যই আমরা রাস্তায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই আজ আমাদের এই হাল। বেতন পাওয়াই মূল কথা নয়, যোগ্য অযোগ্য আলাদা না করলে কীকরে হবে? মৌখিক আশ্বাস নয়, আমরা স্থায়ী সমাধান চাই।"












Click it and Unblock the Notifications