TCS Jobs: নিউটাউনে নতুন ক্যাম্পাস তৈরি করতে চলেছে টিসিএস, কর্মসংস্থান হবে ২৫ হাজার জনের
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে ২০ একর জমির উপর একটি নতুন ক্যাম্পাস তৈরি করতে চলেছে। এর ফলে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার নিউটাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে টিসিএস-এর নতুন আইটি ক্যাম্পাস তৈরির পরিকল্পনা অনুমোদন করেছে। এই পদক্ষেপ রাজ্যের তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রোজেক্ট সম্পূর্ণ হলে ২৫ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে। তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেছেন।
এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন সুপ্রিম কোর্টের এপ্রিল মাসের একটি রায়ে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করা হয়েছে। যা নিয়ে রাজ্যে চাকরি হারাদের এবং বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে রাজ্য সরকারকে পড়তে হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা ক্রমাগত বাংলাকে অপবাদ দেয় এবং আমরা যে উন্নতি করছি তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে, তাদের জন্য এটা মনে করিয়ে দেওয়া যে আমাদের কাজ করে দেখানোর ক্ষমতা আছে। তিনি আরও বলেন, বাংলা উদ্ভাবন, বিনিয়োগের কেন্দ্র হিসেবে উঠে আসছে। বাংলা মানেই ব্যবসা, এবং বিশ্ব তা মনে রাখছে।
নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) বেঙ্গল সিলিকন ভ্যালিতে টিসিএস অফিসের প্রথম পর্যায়ের বিল্ডিং প্ল্যান অনুমোদন করেছে, যা ২০ একর জমির উপর তৈরি হবে। প্রথম পর্যায়ে, ৯ লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে, যার মধ্যে একটি ১১ তলা অফিস ভবনও থাকবে। এর ফলে ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট তৈরি করা হবে, যা আরও ২০ হাজার কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
টিসিএস বর্তমানে বেঙ্গালুরু, কোচি, হায়দরাবাদ, কোয়েম্বাটুর এবং বিশাখাপত্তনম সহ ভারতের বিভিন্ন শহরে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। বাংলায় ভোটের আগে টাটাদের হাত ধরেই ফের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া নিঃসন্দেহে এক আলোচ্য বিষয় হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications