'নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি, আর তাদের দালাল হল...!' ধর্নামঞ্চ থেকে কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) ইস্যুকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন নতুন মাত্রা পেল আজ। ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চে বসে নির্বাচন কমিশন এবং বিজেপিকে সরাসরি তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ধর্নামঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন যে, "লজ্জা রাখার কোনও জায়গা নেই। ভোটার তালিকায় যাঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে, সেই মানুষরা আজ এখানেই বসে আছেন। তাঁরা নিজেরাই প্রমাণ দিচ্ছেন যে তাঁরা বেঁচে রয়েছেন। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি, আর তাদের দালাল হল নির্বাচন কমিশন।"
মুখ্যমন্ত্রীর কথায়, "বসে আছেন, অথচ তাঁরা কাগজে মৃত! এর থেকে বড় লজ্জার বিষয় আর কী বা হতে পারে? নির্লজ্জভাবে সাধারণ মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা চলছে।"
তৃণমূলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অথবা SIR-এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে চলেছে নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও 'বিবেচনাধীন' অবস্থায় রয়েছে। সেই ঘোষণার পর থেকেই রাজ্যের শাসকদল এবং নির্বাচন কমিশনের সংঘাত আরও তীব্র হয়েছে।
এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে দিল্লি গিয়েছেন মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী। এমনকি সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলায় নিজে সওয়ালও করেছেন মুখ্যমন্ত্রী মমতা।
আজকের ধর্নামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও উপস্থিত রয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল বিধায়করাও কর্মী-সমর্থকদের নিয়ে ধর্মতলায় জড়ো হয়েছেন। মঞ্চে এরকম বহু ভোটারও রয়েছেন, যাঁদের নাম SIR প্রক্রিয়ায় 'মৃত' বলে চিহ্নিত করা হয়েছে অথবা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
আজকের এই ধর্না ঘিরে রাজনৈতিক আবহও তপ্ত। কারণ এই একই দিনেই বিজেপির পক্ষ থেকে 'পরিবর্তন যাত্রা' কর্মসূচি চলছে। আর সেই প্রেক্ষিতেই কলকাতার কেন্দ্রস্থলে ধর্নায় বসে রাজনৈতিক বার্তা দিলেন মমতা ব্যানার্জী।
এদিকে আবার, সম্প্রতি রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের আচমকা ইস্তফা নেওয়ার বিষয়টিকেও রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। এই প্রসঙ্গে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী বলেন, তা নিয়েও নজর রয়েছে পুরো রাজনৈতিক মহলের।
SIR-এর ইস্যুকে ঘিরে কমিশন বনাম তৃণমূলের এই সংঘাত আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আরও বড় বিতর্কের রূপ নিতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।












Click it and Unblock the Notifications