'কলকাতায় হামলার কথা শুনেও মোদী-রাজনাথ চুপ কেন?' কৃষ্ণনগরের জনসভায় তীব্র আক্রমণে তৃণমূলনেত্রী মমতা
জাতীয় নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোমবার কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় এক নির্বাচনী প্রচারসভায় তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কলকাতায় হামলার হুমকির প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নাকাশিপাড়ার বেথুয়াডহরি জিসিএম উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেছেন, "পাকিস্তান বলছে, কলকাতা উড়িয়ে দেবে! তা শুনে কেন চুপ করে রইলেন আপনারা? প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন।" মুখ্যমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, জাতীয় সুরক্ষার প্রশ্নে ভারতীয় হিসেবে তারা কেন্দ্রের পাশে আছেন, কিন্তু কলকাতা আক্রমণের কথা মেনে নেবেন না।

"ভারত যদি এবার মিথ্যা অজুহাতে কোনো রকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। এবার আমরা সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব। সংঘাত ২০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ভূখণ্ডে প্রবেশ করে, তাদের ঘরে ঢুকে হামলা চালাব।" রবিবার সকালে পাকিস্তানের সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এই সরাসরি হুঁশিয়ারি জারি করেন।
এর আগে গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় বেশ কিছু নিরস্ত্র মানুষের প্রাণহানি ঘটেছে। যার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও বিষাক্ত হয়ে উঠেছে।
এই হুমকির পরিপ্রেক্ষিতেই নাকাশিপাড়ার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আবারও প্রশ্ন তোলেন, "পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কী করে? মোদী তো রবিবার এখানে এসেছিলেন প্রচার করতে। কোনও পদক্ষেপ করার কথা বললেন না কেন? কেন চুপ রইলেন?"
তিনি আরও বলেন, "ওখানকার মন্ত্রীকে দিয়ে কে একথা বলিয়েছেন? এসবের তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না।"












Click it and Unblock the Notifications