দুর্ঘটনা ও বিপর্যয়ের মোকাবিলা কীভাবে করবেন, ট্রেনিং দেবে রাজ্য সরকার
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে দুর্ঘটনাপ্রবণ এলাকার মানুষদের আগে থেকেই মানসিক প্রস্তুতির প্রশিক্ষণ দেবে সরকার।
হাজারো সাবধানতা ও নিরাপত্তা সত্ত্বেও নানা সময়ে বহু দুর্ঘটনা ঘটে যায়। নানা বিপর্যয় বিভিন্ন এলাকায় আকছার ঘটে ও তাতে মানুষের বিপুল ক্ষতি হয়। সেরকম ঘটনায় আগে না পড়লে অনেকেই আসল সময়ে বুঝতে পারেন না, কীভাবে অবস্থা সামাল দেবেন।

এমন অবস্থায় রাজ্য সরকার অসাধারণ উদ্যোগ নিল। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে দুর্ঘটনাপ্রবণ এলাকার মানুষদের আগে থেকেই মানসিক প্রস্তুতির প্রশিক্ষণ দেবে সরকার। যাতে বিপর্যয়ের মোকাবিলা করার সময় তাঁরা মানসিকভাবে শক্তপোক্ত থাকতে পারেন ও অন্যকে প্রয়োজনে সাহায্য করতে পারেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, যত বেশি সংখ্যক মানুষকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া যাবে ততই দুর্ঘটনায় মানুষের বিপদে পড়ার ও মৃত্যুর সম্ভাবনা কমবে।
বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়ের খবর আগে থেকেই সরকারের কাছে আসে। আবার হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা যেমন বাড়ি ভেঙে পড়া, আগুন লাগার মতো ঘটনাও রয়েছে। এই সমস্তকিছুর সঙ্গে লড়তেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে সরকার।
বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা, বন্যাপ্রবণ এলাকার মানুষদের প্রশিক্ষণ দেওয়া হবে। নানা ধরনের দুর্যোগের সময় কী করতে হয় তা ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করা হবে। এভাবেই জেলায় জেলায় সতর্কতা ছড়িয়ে দিতে চাইছে রাজ্য।












Click it and Unblock the Notifications