বাংলার বন্যা নিয়ে মোদীকে কড়া চিঠি দিলেন মমতা, কী লেখা হল তাতে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দামোদর ভ্যালি কর্পোরেশন ( ডিভিসি) জল ছেড়েছে রাজ্যকে না জানিয়ে। তার জেরে পশ্চিমবঙ্গের নিম্ন দামোদর উপত্যকা বন্যার কবলে। সেই অভিযোগ তুলে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
গভীর নিম্নচাপের কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অতি বর্ষণ হয়। ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি হয়েছে। মাইথন, পাঞ্চেত, তেনুঘাট জলাধার থেকে জল ছাড়তে শুরু করে ডিভিসি। পরবর্তীকালে দুর্গাপুর ব্যারেজ থেকেও বিপুল পরিমাণে জল ছাড়া শুরু হয়। নিম্ন দামোদর উপত্যকা ক্রমশ বিপদসঙ্কুল হয়ে উঠছিল।

সোমবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই আশঙ্কা আরও একবার সত্য হল। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গা এই মুহূর্তে বন্যার কবলে। মানুষের ঘরবাড়ি, চাষের জমি, ফুলের খেত, স্কুলবাড়ি জলের কবলে গিয়েছে। নিম্ন দামোদর উপত্যকায় জলের পরিমাণ ক্রমশ বেড়েছে গত কয়েক দিনে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। সেখানে ডিভিসি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে আরও একবার সংঘাতের পথে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ডিভিসি না জানিয়ে এবারও জল ছেড়েছে। 'ম্যান মেড বন্যা' বলে তিনি অভিযোগ করেছেন।
এবার প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। ডিভিসি প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে এবার। ২০০৯ সালের পর এই প্রথম এত বড় বন্যা হল৷ হাজার বর্গফুট কিমি এলাকা ক্ষতিগ্রস্ত। কম করে ৫০ লক্ষ মানুষ বন্যার কবলে। ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। দুর্গতদের উদ্ধার করে রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিতে। সেই সব জায়গা ভরে গিয়েছে৷ এই সব বিষয় চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
বন্যা হলে কেন্দ্রের তরফ থেকে কোনও আর্থিক সাহায্য কিছু পায় না রাজ্য। এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আগে। কোন দিন কত জল ডিভিসি ছেড়েছে। সেই অঙ্কও মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন। এদিকে ডিভিসি দাবি করছে, না জানিয়ে কিছু করা হয় না। পশ্চিমবঙ্গকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি৷
এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রের সঙ্গে কি নতুন করে সংঘাতে গেল পশ্চিমবঙ্গ? মমতা বন্দ্যোপাধ্যায় কি আরও সংঘাতে যাবেন এই বিষয়ে?












Click it and Unblock the Notifications